বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে ঝামেলা এখনও মেটেনি। সুপ্রিম কোর্ট টাকা দেওয়ার নির্দেশ দিলেও, সব টাকা না মেলায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। তাদের দাবি, আংশিক ডিএ দিয়ে সমস্যার সমাধান হয়নি। তাই আবার রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ১২ এপ্রিল কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
অস্পষ্ট ডিএ (Dearness Allowance), কালীঘাট অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের
এই ঘটনার শুরু অনেকদিন আগে। দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) নিয়ে মামলা চলছিল। তার পর ৫ ফেব্রুয়ারি, ২০২৬-এ সুপ্রিম কোর্ট জানায়, ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫% ৩১ মার্চের মধ্যে দিতে হবে। এই পুরো বিষয়টি দেখার জন্য একটি কমিটিও গঠন করা হয়, যার দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। এরপর রাজ্য সরকার ১৩ মার্চ জানায়, ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ দুই কিস্তিতে দেওয়া হবে। পরে ২৮ মার্চ সেই সিদ্ধান্ত বদলে বলা হয়, ওই সময়ের টাকা একবারেই দেওয়া হবে।
কিন্তু এখানেই আপত্তি কর্মচারীদের। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্ট যেখানে ২০০৮ থেকে ২০১৯-এর কথা বলেছে, সেখানে সরকার শুধু ২০১৬ থেকে ২০১৯-এর কথাই বলছে। ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া নিয়ে কিছুই স্পষ্ট নয়। এছাড়া শিক্ষক বা পুরসভার কর্মীরা কীভাবে এই ডিএ (Dearness Allowance) পাবেন, সেটাও পরিষ্কার করে বলা হয়নি বলে অভিযোগ উঠেছে।
১২ এপ্রিলের কর্মসূচি কী?
সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, ১২ ই এপ্রিল দুপুর ১২ঃ৩০ মিনিটে জমায়েত হবে সমস্ত কর্মচারীরা। তারপর সেই হাজরা মোড় থেকে হরিশ মুখার্জী রোড ধরে কালীঘাট পর্যন্ত যাবে মিছিল। এর আগে ২০২৩ সালের ৬ মে একই রুটে মিছিল হয়েছিল। এবারও শান্তিপূর্ণভাবে সেই একই পথে প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ মনোনয়ন ঘিরে বড় চমক! আগামী সপ্তাহে ভবানীপুরে বড় কর্মসূচি মমতার
উল্লেখ্য, সরকার ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ (Dearness Allowance) দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও, পুরো বকেয়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এখন নজর রয়েছে সুপ্রিম কোর্টের তদারকি কমিটির পরবর্তী পদক্ষেপের দিকে, যা রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনারদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।












