বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের প্রাথমিকের নিয়োগ (Primary TET 2025) প্রক্রিয়া নিয়ে জটিলতা। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা। মামলাকারীর অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ায় টেট পাশ বহু পরীক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে। ওবিসি জটিলতায় তাঁদের ফেল দেখানো হয়েছে বলে অভিযোগ। বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায় জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দিয়েছেন।
প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলা | (Primary TET 2025)
জানা গিয়েছে, মামলাকারী মিজানুর রহমান সিদ্দিকী সহ ২০২৫ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার আরও অনেক পরীক্ষার্থীর ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট ছিল। তবে নতুন ওবিসি সংরক্ষণ বিধির কারণে ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট বাতিল হয়েছে। সেখানেই জটিলতা তৈরি হয়েছে।

এই মামলায় আবেদন জানানো হয়েছে, সংরক্ষিত ক্যাটাগরির টেট পরীক্ষার্থীদের পাশের নম্বর ৮২ রাখা হোক ও অন্যান্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই নম্বর ৮৯ করে দেওয়া হোক। শনিবার জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়। আগামী সোমবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা।
আরও পড়ুনঃ মাসে ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ! পিএম সূর্য ঘর যোজনায় আবেদন পদ্ধতি জানুন
জানিয়ে রাখি, রাজ্যের পূর্বতন সরকারের আমলে ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়ায়।
উচ্চ আদালতের তরফে ২০১০ সালের পর থেকে জারি করা যাবতীয় ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। রাজ্যে পালাবদলের পর সেই মামলা তুলে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। ফলে ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকছে।
এবার ২০২৫ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি জটিলতার জেরে টেট পাশ বহু পরীক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে। শুনানিতে কী হয় সেটাই দেখার।












