বাংলাহান্ট ডেস্ক : আর এক মাস পরেই শুরু হয়ে যাবে বিধানসভা ভোট (Assembly Election)। তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোট স্বচ্ছ এবং নিরাপদে করার জন্য কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তাও জানিয়ে দিয়েছে কমিশন। তবে এবার জানা গেল, ভোট মিটে যাওয়ার পরেও অন্তত এক মাসের জন্য রাজ্যে রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় থেকে যাবে বলে জানা যাচ্ছে।
ভোটের (Assembly Election) পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী
জানা যাচ্ছে, ২০২১ এর ভোট পরবর্তী হিংসা থেকে শিক্ষা নিয়েই এবার এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কোনও ঝুঁকি নিতে রাজি নয় কমিশন। উল্লেখ্য, এবার নির্বাচন ঘোষণার অনেক আগেই বাংলায় দু দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। আরও ১৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে রাজ্যে। জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

কেন এমন সিদ্ধান্ত: স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। ওয়াকিবহাল মহলের মতে, অতীতেও ভোটের পর কিছুদিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থেকেছে। কিন্তু সময় এবং সংখ্যা দুয়ের নিরিখে এমন সিদ্ধান্ত আগে নেওয়া হয়নি। নির্বাচনের পর রাজ্যে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকত, তাও পর্যায়ক্রমে নতুন সরকারের নির্দেশ মেনে কিছু সময়ের মধ্যেই ফিরে যেত। স্বরাষ্ট্র মন্ত্রকও এবারের মতো নির্দেশ আগে দেয়নি।
আরও পড়ুন : ‘ঘরের মেয়ে ভবানীপুরে’, এই বার্তায় আজ থেকে ভবানীপুরে ভোট প্রচারের নামছেন মমতা
আগেও ঘটেছে হিংসার ঘটনা: নির্বাচন কমিশনের মতে, অন্যান্য রাজ্যে ভোট (Assembly Election) পরবর্তী হিংসা অনেকটা কমানো গেলেও বাংলার ক্ষেত্রে তা করা যায়নি এখনও। একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে মামলা পর্যন্ত হয়েছে আদালতে। পাশাপাশি গত বেশ কিছু লোকসভা এবং বিধানসভা ভোটেও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তাই এবার কমিশন সতর্ক হয়ে রাজ্যে ভোটের পরেও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব রেখেছিল কমিশন। তা স্বরাষ্ট্র মন্ত্রক গ্রহণ করেছে বলেই খবর।
আরও পড়ুন : ভারতের সঙ্গে সিরিজ খেলার জন্য মরিয়া বাংলাদেশ! বড় পদক্ষেপ নিল BCB
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বর্তমানে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। ১৭ এপ্রিলের মধ্যে আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তার মধ্যে থাকছে হরিয়ানা, বিহার, অসম, উত্তরাখণ্ডের মতো বিভিন্ন রাজ্যের ৩৪৮ কোম্পানি সশস্ত্র পুলিশ। জানা যাচ্ছে, বাংলায় ভোটের জন্য জম্মু ও কাশ্মীর থেকে ২৩৪ কোম্পানি সিআরপিএফ, বিএসএফ এবং এএসবি নিয়ে আসছে স্বরাষ্ট্র মন্ত্রক।












