‘ঘরের মেয়ে ভবানীপুরে’, এই বার্তায় আজ থেকে ভবানীপুরে ভোট প্রচারের নামছেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee Begins Campaign from Bhabanipur
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে ভোট প্রচার। প্রার্থী তালিকা ও ইস্তাহার ঘোষণার পর এবার সরাসরি মাঠে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ থেকে প্রচারের প্রথম কর্মসূচি হিসেবে ভবানীপুরে কর্মিসভা দিয়ে তিনি নিজের প্রচার অভিযান শুরু করছেন তিনি।

আজ থেকে ভোট প্রচার শুরু মমতার (Mamata Banerjee)

মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর শুক্রবার প্রকাশ করেন দলের ইস্তাহার। সেই ধারাবাহিকতায় রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়ছেন তিনি। এদিন সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করার কথা রয়েছে তাঁর। যেহেতু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি নিজেই, তাই এই এলাকার অন্তর্গত সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের এই কর্মিসভায় ডাকা হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। পাশাপাশি ভোটকে কেন্দ্র করে দলের কৌশলও স্পষ্ট করে দেবেন তিনি।

কর্মীদের কী নিয়ে নির্দেশ দেবেন মমতা?

কীভাবে শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে হবে, বাড়ি বাড়ি পৌঁছে মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, এই সমস্ত বিষয়েই কর্মীদের দিকনির্দেশ দেবেন মমতা (Mamata Banerjee)। বিরোধীদের কুৎসা বা প্ররোচনায় পা না দিয়ে সংগঠিতভাবে প্রচার চালানোর বার্তাও থাকতে পারে তাঁর বক্তব্যে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও রেকর্ড ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। সেই কারণেই ইতিমধ্যে স্লোগান উঠেছে, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’।

এই কর্মিসভার পর থেকেই জেলায় জেলায় ভোটকেন্দ্রিক প্রচারে বেরিয়ে পড়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর (Mamata Banerjee)। আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ২৪ মার্চ আলিপুরদুয়ার, ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে সভা করবেন তিনি। এরপর ২৫ মার্চ রায়গঞ্জ ও হরিরামপুরেও জনসভা করার কথা রয়েছে। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর প্রচারসূচি চূড়ান্ত করেছেন। তাঁর প্রচার শুরু হচ্ছে ২৪ মার্চ থেকে। সেদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা করবেন তিনি। ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভার পাশাপাশি দাসপুর ও কেশিয়াড়িতেও জনসভা করার কথা রয়েছে তাঁর।

নন্দীগ্রামকে ঘিরে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। জানা গিয়েছে, ২৫ মার্চ ওই বিধানসভার প্রতিটি বুথ থেকে দশ জন করে কর্মী নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। এরপর ২৬ মার্চ উত্তরবঙ্গের নাটাবাড়ি, ধুপগুড়ি ও কালচিনিতে কর্মসূচি রয়েছে তাঁর। ২৭ মার্চ বিনপুর, পাঁশকুড়া পূর্ব ও কুলপিতে সভা করবেন তিনি।

Mamata Banerjee warns from Dharmatala stage sparks political row

আরও পড়ুনঃ আপনার নাম সুরক্ষিত তো? সোমবারেই প্রকাশ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে চেক করবেন জানুন

২৮ মার্চ বালুরঘাট, মানিকচক ও সাগরদিঘিতে জনসভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২৯ মার্চ দুবরাজপুর, নওদা ও সন্দেশখালিতে কর্মসূচি রয়েছে। এরপর ৩০ মার্চ বাগমুন্ডি ও কাঁথি এবং ৩১ মার্চ শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটায় প্রচার সারবেন তিনি। সব মিলিয়ে, প্রার্থী ঘোষণা ও ইস্তাহারের পর এবার মাঠে নেমে সরাসরি সংগঠনকে সক্রিয় করার পথে তৃণমূল নেতৃত্ব। কর্মিসভা থেকে বুথভিত্তিক কৌশল, সব দিকেই জোর দিয়ে ধাপে ধাপে এগোচ্ছে মমতা (Mamata Banerjee) ও অভিষেকের নির্বাচনী প্রচার।