বাংলা হান্ট ডেস্কঃ বেসরকারি সংস্থায় কর্মরত দেশের লক্ষ লক্ষ মানুষ। এবার তাঁদের জন্যই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। পুজোর মুখে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী ও শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।
প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমা বাড়ছে | (Provident Fund)
এতদিন অবধি প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমা ছিল ১৫ হাজার টাকা। এবার তা একধাক্কায় ১০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। আগামীদিনে এই সীমা ২৫ হাজার টাকা করার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্র।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড তথা ইপিএফের আয়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা করার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে মোদী সরকার। প্রায় ১২ বছর পর প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমা বদলের সিদ্ধান্ত নেওয়া হল।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানোর ফলে আরও ৫১ লক্ষ কর্মী এবং শ্রমিককে বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা যাবে। এতে তাঁদের সামাজিক সুরক্ষার পরিধি আরও বাড়াতে পারবে সরকার।“
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরে বেতন ও মজুরি বৃদ্ধির ফলে বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীদের আয় অনেকটাই বেড়েছে। সেই কারণে প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ইপিএফ খাতে সরকারের প্রায় ১০,২৫০ কোটি টাকা খরচ হচ্ছে। আয়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার করার সিদ্ধান্তের ফলে সেই খরচ বেড়ে দাঁড়াবে ১১,৩৩৯ কোটি টাকা। সব মিলয়ে পাঁচ বছরে কেন্দ্রের খরচ হবে ৫৬,৬৯৬ টাকা।
বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী ও শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সারা দেশে ইপিএফ চালু আছে। এর নিয়ন্ত্রণকারী সংস্থা হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তথা ইপিএফও। এবার সেই ইপিএফেরই আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।













