আরবল্লীতে নতুন খননে সম্পূর্ণ নিষেধাজ্ঞা! বড় পদক্ষেপ কেন্দ্রের

Published on:

Published on:

Central govt has imposed a ban on mining leases in the Aravalli Range.
Follow

বাংলাহান্ট ডেস্ক: লাগাতার বিক্ষোভ ও পরিবেশবিদদের চাপের মুখে আরাবল্লী পর্বতমালায় (Aravalli Range) নতুন করে খনি ইজারা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। বুধবার কেন্দ্রীয় মন্ত্রক সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। আরাবল্লীর অঞ্চলটিকে রক্ষা এবং সেখানে অবৈধ ও অনিয়ন্ত্রিত খনন কার্যকলাপ দমনের জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

আরাবল্লী পর্বতমালায় (Aravalli Range) নতুন করে খনির ইজারায় নিষেধাজ্ঞা কেন্দ্রের:

নির্দেশিকায় বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন (আইসিএফআরই)-কে আরাবল্লী সংলগ্ন পরিবেশগত ও ভূতাত্ত্বিক দিক থেকে সংবেদনশীল এলাকা চিহ্নিত করতে হবে যেখানে খনন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া আইসিএফআরই-কে সমগ্র আরাবল্লী (Aravalli Range) অঞ্চলের জন্য একটি বৈজ্ঞানিক ও বিস্তৃত খনি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিকল্পনায় পরিবেশের প্রভাব, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ, পুনরুদ্ধার ও পুনর্বাসনের রূপরেখা থাকবে, যা শেষ পর্যন্ত জনসাধারণের মতামতের জন্য উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: দুই দেশের বিরোধ! বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল ৩২৮ ফুট উঁচু বিষ্ণুমূর্তি, কী জানাল ভারত?

এই সিদ্ধান্তের পাশাপাশি, বর্তমানে চলমান খনন কার্যক্রমগুলির ক্ষেত্রেও কঠোর পরিবেশগত শর্ত ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। চলমান খননকাজ কঠোরভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করারও আদেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই পদক্ষেপকে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে।

এর আগে, সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কর্পোরেট স্বার্থে আরাবল্লীর ধ্বংসসাধনের পথ সুগম করা হচ্ছে। কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের বিপুল ভাণ্ডার থাকায় আরাবল্লীতে ব্যাপক খননের জন্য আইনি ছাড়পত্র দেওয়া হচ্ছিল বলে পরিবেশকর্মীরা দাবি করেছিলেন। তাদের মতে, এর ফলে হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও দিল্লি জুড়ে বিস্তৃত এই প্রাচীন পর্বতমালার ভঙ্গুর বাস্তুতন্ত্র ধ্বংসের মুখোমুখি হচ্ছিল।

Central govt has imposed a ban on mining leases in the Aravalli Range.

আরও পড়ুন:চাপের মুখে বিশ্ব অর্থনীতি, অথচ হু হু করে এগিয়ে চলেছে ভারত! আম-আদমির জন্য মিলল বড় সুখবর

আরাবল্লীকে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের পরিবেশগত ফুসফুস হিসাবে বিবেচনা করা হয়। এটি থর মরুভূমির বিস্তার রোধ করে এবং চম্বল, সবরমতী ও লুনি নদীর উৎস। এর জৈববৈচিত্র্য ও ভূগর্ভস্থ জল পুনরায় ভরার ক্ষমতা অপরিসীম। পরিবেশবিদদের আশঙ্কা, খনি ও নির্মাণ কার্যক্রম চালালে এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ পরিবেশগত নিরাপত্তা বিনষ্ট হয়ে যাবে, ভয়াবহ দূষণ ও জলসংকট তৈরি হবে। কেন্দ্রের এই নিষেধাজ্ঞা তাই একটি বড় অর্জন হিসাবে দেখা হচ্ছে, যদিও বর্তমান খনন নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ পরিকল্পনার সফল বাস্তবায়নের উপরই এখন নজর থাকবে।