বাংলাহান্ট ডেস্ক: দেশে মোবাইল সংযোগ ব্যবহারের ক্ষেত্রে ফের কড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government of India)। একজন গ্রাহকের নামে নির্দিষ্ট সংখ্যার বেশি সিম কার্ড (SIM Cards) রয়েছে কি না, তা এবার আরও কড়াভাবে নজরে রাখবে টেলিকম দপ্তর বা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস (Department of Telecommunication)। আগামী ২৪ অগস্ট থেকে এই ব্যবস্থায় আরও জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। নতুন করে কেউ সিম কার্ড নিতে গেলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে আগে যাচাই করতে হবে, তাঁর নামে ইতিমধ্যেই কতগুলি মোবাইল সংযোগ রয়েছে। অর্থাৎ, নতুন সিম দেওয়ার আগে গ্রাহকের পুরনো সংযোগের সংখ্যা পরীক্ষা করা বাধ্যতামূলক হতে চলেছে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য, বেআইনি বা অতিরিক্ত মোবাইল সংযোগের ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং টেলিকম ব্যবস্থাকে আরও নিরাপদ করে তোলা।
একজন সর্বোচ্চ ক’টি সিম কার্ড (SIM Cards) ব্যবহার করতে পারবেন, সে নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণভাবে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগ থাকতে পারে। তবে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এই সীমা ৬টি। এই নিয়ম অবশ্য একেবারে নতুন নয়। এক দশকেরও বেশি সময় ধরে নির্দিষ্ট সীমার বেশি সিম ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে এতদিনের নিয়মকেই এবার আরও কার্যকরভাবে প্রয়োগ করতে চাইছে কেন্দ্র। নতুন সিম (SIM Cards) নেওয়ার সময় গ্রাহকের সংযোগের সংখ্যা যাচাই করা হবে। ফলে একই ব্যক্তির নামে নির্ধারিত সীমার বাইরে একের পর এক সিম ইস্যু করার সুযোগ অনেকটাই কমবে। বিশেষ করে জাল পরিচয়পত্র ব্যবহার করে সিম নেওয়া বা সেই সংযোগ অপরাধমূলক কাজে ব্যবহারের মতো ঘটনাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বন্যার জল থেকে আরামবাগকে বাঁচাতে বড় পদক্ষেপ, ১২০০ কোটির মাস্টারপ্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সরকারের ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’। বিভিন্ন টেলিকম সংস্থার কাছ থেকে পাওয়া গ্রাহক সংক্রান্ত তথ্য এই ব্যবস্থায় একত্রিত করা হয়েছে। ফলে কোনও ব্যক্তির নামে কতগুলি সংযোগ সক্রিয় রয়েছে এবং তিনি নির্ধারিত সীমা ইতিমধ্যেই পূরণ করেছেন কি না, তা সহজেই যাচাই করতে পারবেন টেলিকম অপারেটররা। DoT-এর নির্দেশ অনুযায়ী, এই প্ল্যাটফর্মের সঙ্গে নিজেদের সিস্টেমের সমন্বয় আরও শক্তিশালী করার জন্য টেলিকম সংস্থাগুলিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, গ্রাহকদের চিহ্নিত করার প্রক্রিয়াকে আরও সহজ করতে প্ল্যাটফর্মে ছবিভিত্তিক শনাক্তকরণের ব্যবস্থাও চালু করা হচ্ছে।
আগামী ২৩ অগস্ট থেকে যেসব গ্রাহক তাঁদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সংখ্যক সিম ইতিমধ্যেই ব্যবহার করছেন, তাঁদের ক্ষেত্রে প্ল্যাটফর্মে একটি বিশেষ নির্দেশক ছবি বা সংকেত দেখা যাবে। এর মাধ্যমে নতুন সিম দেওয়ার আগে সংশ্লিষ্ট অপারেটর সহজেই বুঝতে পারবেন যে ওই গ্রাহকের সংযোগের সীমা পূর্ণ হয়ে গিয়েছে। ফলে নতুন করে আবেদন করলেও নির্ধারিত নিয়ম অনুযায়ী সেটি যাচাই করা সম্ভব হবে। কেন্দ্রের বক্তব্য, এই ব্যবস্থা গ্রাহকদের হয়রানি করার জন্য নয়, বরং তাঁদের নামে বেআইনি ভাবে অতিরিক্ত সিম সক্রিয় হওয়া ঠেকানোর জন্য। একই সঙ্গে টেলিকম পরিষেবার অপব্যবহার রুখতেও এই নজরদারি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: টোলের ঝক্কি কমাতে নয়া সুবিধা! FASTag Local Pass পাবেন ঘরে বসেই, কারা যোগ্য জানুন…
তবে কোনও প্রযুক্তিগত বা প্রশাসনিক কারণে নির্ধারিত সীমার বেশি মোবাইল সংযোগ সক্রিয় হয়ে গেলে কী হবে, সেই বিষয়েও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা রেখেছে সরকার। সংশ্লিষ্ট টেলিকম সংস্থা প্রয়োজনীয় পরিবর্তন না করা পর্যন্ত অতিরিক্ত সংযোগ চিহ্নিত হলে সেটি সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। প্রাথমিকভাবে এক দিনের জন্য সংযোগ বন্ধ রাখার ব্যবস্থাও করা হতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। পরে প্রয়োজনীয় যাচাই ও সংশোধনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে, সিম কার্ড ব্যবহারের পুরনো সীমাকেই এবার প্রযুক্তির সাহায্যে আরও কঠোরভাবে কার্যকর করতে চাইছে কেন্দ্র। এর ফলে একদিকে যেমন গ্রাহকের পরিচয় সুরক্ষা ও টেলিকম ব্যবস্থায় স্বচ্ছতা বাড়তে পারে, তেমনই বেআইনি সংযোগ ব্যবহার করে প্রতারণা বা অন্যান্য অপরাধের সুযোগও কমবে বলে আশা করা হচ্ছে (SIM Cards)।














