৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে রবিবার খোলা রাখতে হবে ব্যাঙ্ক! বিবৃতি জারি করে কী জানাল কেন্দ্র?

Published on:

Published on:

Central govt orders banks to remain open on Sunday ahead of 3-day bank strike
Follow

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলার দাবিতে ফের আন্দোলনের পথে ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের (Bank  Strike) ডাক দিয়েছে তারা। এর আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় ধর্মঘটের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিন ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে গ্রাহকদের সমস্যা কিছুটা কমাতে ২৭ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি স্বাভাবিকভাবে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) আগে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ কেন্দ্রের:

অর্থমন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্র ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্কের পরিষেবা চালু থাকবে। পাশাপাশি RBI-র অনুমোদন অনুযায়ী ওই দিন ব্যাঙ্কের শাখা, অফিস, এটিএম-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্টও খোলা রাখা যাবে। সরকারের বক্তব্য, সপ্তাহান্তের ছুটির পরপরই তিনদিনের ধর্মঘট (Bank Strike) হলে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের ব্যাঙ্কিং পরিষেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। সেই সম্ভাব্য ভোগান্তি এড়াতেই আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুল্ক-চাপের মাঝেই আমেরিকায় G20 Summit-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী! ট্রাম্পের সঙ্গে হবে বৈঠকও

সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা চালুর দাবি অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব কর্মী সংগঠনগুলি। UFBU-র দাবি, পাঁচদিনের কর্মসপ্তাহ চালুর বিষয়টি ২০২৪ সালের বেতন সংক্রান্ত চুক্তির সময়েও আলোচনায় এসেছিল, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। এর পাশাপাশি পেনশন ও অন্যান্য কর্মীস্বার্থ সংক্রান্ত কয়েকটি দাবিও রয়েছে। চলতি মাসের ১১ সেপ্টেম্বরও দেশজুড়ে একদিনের ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ককর্মীরা। এবার ২৮-৩০ সেপ্টেম্বরের তিনদিনের কর্মবিরতির সিদ্ধান্তে মাসের শেষভাগে ফের ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে ধর্মঘট আটকানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে কেন্দ্র এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২২ সেপ্টেম্বর ডেপুটি চিফ লেবার কমিশনারের উপস্থিতিতে কর্মী সংগঠন, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সরকারি কর্তাদের মধ্যে আলোচনা হয়। সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ধর্মঘট পিছিয়ে দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আবেদন জানিয়েছে। কিন্তু UFBU জানিয়েছে, পাঁচদিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়ে এখনও কোনও ইতিবাচক অগ্রগতি হয়নি। ফলে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত বহাল রয়েছে।

Central govt orders banks to remain open on Sunday ahead of 3-day bank strike

আরও পড়ুন: ১৫ অক্টোবরেই ঢুকবে আগাম বেতন ও পেনশন! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা নবান্নের

এদিকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের দিন হওয়ায় এবারের ধর্মঘটের সময়টিও গুরুত্বপূর্ণ। ওই সময় হিসাব মেলানো, প্রভিশনিং এবং ট্রেজারি ও মার্কেট অপারেশনসের মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ থাকে। ফলে ধর্মঘট হলে শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়তে পারে। তবে ATM, UPI, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা নয়। ইতিমধ্যেই কয়েকটি ব্যাঙ্ক গ্রাহকদের গুরুত্বপূর্ণ শাখাভিত্তিক কাজ ২৮ সেপ্টেম্বরের আগেই সেরে নিতে এবং প্রয়োজনে ডিজিটাল পরিষেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে। শেষ মুহূর্তে কোনও সমঝোতা হলে ধর্মঘটের (Bank Strike) সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু আপাতত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শই দেওয়া হচ্ছে।