পুলিশ নন তবুও ট্রান্সফার! ভবানী ভবনের নির্দেশে তিন সিভিক ভলান্টিয়ারের বদলি ঘিরে বিতর্ক

Published on:

Published on:

Civic Volunteers Transfer Controversy
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) কাজ ও ভূমিকা নিয়ে আগেও নানা আলোচনা হয়েছে। আদালত পর্যন্ত বলেছে, তাঁরা পুলিশ নন এবং পুলিশের মূল কাজেও তাঁদের ব্যবহার করা যাবে না। সেই পরিস্থিতিতে হঠাৎ করে তিন মহিলা সিভিক ভলান্টিয়ারের বদলির নির্দেশ জারি হওয়ায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এই নির্দেশ ভবানী ভবন থেকে জারি হওয়ায় বিষয়টি নিয়ে পুলিশ মহলেও কৌতূহল ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিন মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteers) বদলির নির্দেশ

রবিবার রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে তিন মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteers) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আইজি অর্গানাইজ়েশন এই নির্দেশিকা প্রকাশ করেছে এবং তাতে ভবানী ভবনের সিলমোহরও রয়েছে। কিন্তু সিভিক ভলান্টিয়ারদের বদলির নির্দেশ সরাসরি রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে জারি হওয়ার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি বলেই দাবি অনেকের।

এর আগে একটি মামলায় কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়েছিল, সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteers) পুলিশের অংশ নন। আদালত আরও বলেছিল, আইনশৃঙ্খলা রক্ষার মূল কাজে তাঁদের নিয়োগ করা যাবে না। সরকারি নীতিতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে পুলিশের গুরুত্বপূর্ণ কাজে সিভিক ভলান্টিয়ারদের যুক্ত করা হবে না।

এই অবস্থায় প্রশ্ন উঠছে, কোন ভিত্তিতে ভবানী ভবন থেকে তিন মহিলা সিভিক ভলান্টিয়ারের বদলির নির্দেশ জারি করা হল। শুধু তাই নয়, কেন তাঁদের বদলি করা হয়েছে সেই কারণও এখনও স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) নিয়োগের শুরু হয় ২০১১ সালে। বাম আমলে শহরের রাস্তায় ‘গ্রিন পুলিশ’-এর দেখা মিলত। পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একটি প্রশাসনিক নির্দেশ জারি করে প্রথমে হাওড়া ও আসানসোল পুলিশ কমিশনারেটে প্রায় ২০০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। সেই সময় থেকেই রাজ্যে এই পদে নিয়োগ শুরু হয়।

প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য সরকার একটি ‘অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার’ জারি করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। সাধারণত স্থানীয় থানার ভিত্তিতেই সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) নিয়োগ করা হয় এবং সেখানেই তাঁরা কাজ করেন। তাই রাজ্য পুলিশের সদর দফতরের সঙ্গে তাঁদের সরাসরি প্রশাসনিক সম্পর্ক খুব বেশি থাকে না বলেই মনে করা হয়।

আরও পড়ুনঃ নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে রিপোর্ট! শাহের মন্ত্রককে কী জানাল নবান্ন?

এই কারণেই তিন মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteers) বদলির নির্দেশ ঘিরে এখন নানা মহলে প্রশ্ন উঠছে। অনেকেই জানতে চাইছেন, এই সিদ্ধান্তের পেছনে ঠিক কী কারণ রয়েছে।