বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য গঠন করা হয়েছে নয়া পে কমিশন। তবে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। তবে আর বেশি অপেক্ষা নয়। ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী ৩০মে শনিবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ডিএ নিয়ে হাইভোল্টেজ বৈঠক শনিতে | Dearness Allowance
সূত্রের খবর, শনিবার হতে চলা এই হাইভোল্টেজ বৈঠকে মূলত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই এই বৈঠকের খবর সামনে এনেছেন।
বিজেপি সরকার ক্ষমতায় আসার দেড় সপ্তাহের মধ্যেই শিক্ষক-শিক্ষিকা সহ রাজ্যের সব সরকারি কর্মীদর জন্য সপ্তম পে কমিশনের অনুমোদন দিয়েছে। তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। এই বিষয়ে সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

আরও পড়ুন: যখন তখন গ্রেফতারির ভয়! কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি রক্ষাকবচের আবেদন তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের
ভাস্করবাবুর আর্জি ছিল, “আমরা ধৈর্য রাখছি যে আগামী কোনো বৈঠকে বকেয়া ডিএ-র বিষয়টিকে সামনে নিয়ে আসবেন এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। সরকার কীভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলিকে নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, খোলামেলা আলোচনা হোক। পূর্বতন সরকারের মত সরকারি কর্মীদের দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যাতে না হয়।” এই বক্তব্যের দু’দিনের মধ্যেই সুখবর এল। এবার এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকে নজর থাকবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের।













