‘সাধু-সন্ত-মহন্তদের অপমান করলে..’, বাগেশ্বর বিতর্কে মুখ্যমন্ত্রীর বড় মন্তব্য

Published on:

Published on:

CM Suvendu Adhikari make major remarks on the Bageshwar controversy
Follow

বাংলা হান্ট ডেস্ক : সাধু-সন্তদের নিয়ে কোনও ধরনের অসম্মানজনক আচরণ বরদাস্ত করা হবে না—ধর্মীয় একটি বড় সমাবেশের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্যে উঠে এল সাম্প্রতিক বাগেশ্বর বাবা বিতর্ক এবং তাঁর ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতারির প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, ধর্মীয় গুরুদের অপমানের অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।

বাগেশ্বর বাবা বিতর্কে কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাধু-সন্তদের প্রসঙ্গটি সামনে আনেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “সাধু-সন্ত-মহন্তদের অপমান করলে জেলে যেতে হবে।”

প্রসঙ্গত, রাজ্যে এসে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিতর্কের সূত্রপাত হয়। বক্তব্যের প্রতিবাদে কলকাতার ভবানীপুর এলাকায় তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনাও ঘটে। ওই ঘটনার পরেই আইনি পদক্ষেপের বিষয়টি সামনে আসে।

ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় এক কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছিল। ফলে ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্যের বিরোধিতা এবং প্রতিবাদের ধরন—দুই বিষয়ই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাগেশ্বর বাবা এসেছিলেন।সন্ত মহন্ত-মহারাজরা তো তাঁদের বানী বলবেন। সনাতন ধর্মের মাহাত্ম্য প্রচার করবেন। এটা স্বাধীন দেশ। সংবিধান যার স্বীকার করার থাকবে করবেন। কিন্তু যেভাবে ধীরেন্দ্র শাস্ত্রীর অপমান করা হয়েছে, কমিউনিস্ট আর জামাতি তথা মমতার লোকেরা যেভাবে অপমান করেছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে।”

CM Suvendu Adhikari make major remarks on the Bageshwar controversy

আরও পড়ুন : ‘উপরওয়ালার কাছে দোয়া চাইব তিনি উপরে..,’ সরাসরি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা! বিতর্কে হুমায়ুন

এই আবহেই এবার গীতাপাঠের অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, “এখন যত খুশি গীতাপাঠ করুন, হনুমান চল্লিশা পড়ুন, হরেকৃষ্ণ মন্ত্র বলুন। শাঁখ বাজান। মৃদঙ্গ বাজান। কোনও ভয় নেই। জমানা বদলে গিয়েছে। এখন গোমাতা রক্ষার সরকার এসেছে। সবাই এক থাকতে হবে।” মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কোনও সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্য নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই কারণে তাঁদের অসম্মান করার ঘটনা গ্রহণযোগ্য নয়। সেই বার্তাই তিনি প্রকাশ্য মঞ্চ থেকে তুলে ধরেছেন।