বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বিজেপি সরকার আসার পর জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এসেছে এই প্রকল্প। ইতিমধ্যেই বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পেতে শুরু করেছেন। বাকিরাও খুব শীঘ্রই এই প্রকল্পের আর্থিক সাহায্য পেতে শুরু করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কারা একেবারেই এর সুবিধা পাবেন না সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অন্নপূর্ণা যোজনা কারা পাবেন? Annapurna Yojana
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে, সন্তান বেসরকারি স্কুলে পড়লে তাদের বাড়ির মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী এমন বার্তা দিয়েছেন বলেও স্পষ্ট দাবি করা হয়েছে পোস্টে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে এই দাবিটি একেবারেই অসত্য।
এর আগে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকলে মিলবে ৩ হাজার টাকা। নয়তো নয়। গত ১৭ জুনের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সন্তানদের ধর্মীয় প্রতিষ্ঠান পড়ানো হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না।
মুখ্যমন্ত্রী ঠিক কী বলেন?
মুখ্যমন্ত্রী বলেন, “যাদের বাচ্চারা সরকার বা সরকার পোষিত স্কুলে পড়ে তাঁরা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও মিলবে তবে সেক্ষেত্রে সরকার অনুমোদিত হলে তবেই মিলবে। কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ভারত বিরোধী কথা শেখানো হয়, এমন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা পাবেন না। কারণ ওই পড়াশোনা মূল ধারার মধ্যে পড়ে না।”

আরও পড়ুন: বাজেটেই কপাল খুলবে শিক্ষকদের? বকেয়া DA নয়, সঙ্গে করা হতে পারে আরও বড় ঘোষণা
অর্থাৎ সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে পড়লেও তাদের পরিবার অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে। তবে শুধুমাত্র যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেখানে শিশুদের পঠন পাঠন হলে তাদের পরিবার এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

















