বাংলা হান্ট ডেস্ক : মুর্শিদাবাদের উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই প্রশাসনকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং গরু ও মাদক পাচার নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।
কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?
বৃহস্পতিবার লালবাগে বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করতে যান শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত এই এলাকায় গিয়ে তিনি শুধু উৎসবের সূচনা করেই থেমে থাকেননি, স্থানীয় পরিকাঠামোর খোঁজখবরও নেন। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে কোন কোন ক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রয়োজন, তা জানতে চান। পাশাপাশি জানিয়ে দেন, এই বিধানসভা এলাকার উন্নয়নের বিষয়টি তিনি নিজের দায়িত্ব হিসেবেই দেখছেন।
এলাকায় কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠতেই আইটিআই কলেজের প্রসঙ্গ তোলেন তিনি। সেখানে এমন কোনও প্রতিষ্ঠান রয়েছে কি না, তা জানতে চান মুখ্যমন্ত্রী। এরপর জমির ব্যবস্থা করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও নতুন উদ্যোগের কথা জানান শুভেন্দু।
মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় মেয়েদের জন্য কলেজ চালু করার পরিকল্পনার কথা বলেন তিনি। পাশাপাশি বর্তমানে থাকা কলেজে সকালের বিভাগ চালু করার নির্দেশ দেন, যাতে পড়াশোনার আরও সুযোগ তৈরি হয়। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও পরিকাঠামো বাড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকার হাসপাতালে আরও শয্যার ব্যবস্থা করার কথা বলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষ যাতে কম খরচে প্রয়োজনীয় ওষুধ পান, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র তৈরির পরিকল্পনাও জানান।

আরও পড়ুন : পুজোর ভিড়ে নিখোঁজদের পাশে ‘বন্ধু কলকাতা’! পঞ্চমী থেকেই রাস্তায় নামছে ১০টি গাড়ি
তবে লালবাগের অনুষ্ঠানে শুধু উন্নয়নই নয়, সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদে বেআইনি অনুপ্রবেশ, গরু পাচার এবং মাদক পাচার রুখতে প্রশাসনের তৎপরতার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার কথায়, “বিএসএফ, পুলিশ জেলায় একসঙ্গে কাজ করছে। কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। গরুপাচার, নেশাসাগ্রমী পাচার এখন প্রায় বন্ধ।” এলাকাকে নেশামুক্ত করার উপরেও বিশেষ জোর দেন শুভেন্দু। তাঁর মতে, মুর্শিদাবাদে উন্নয়নের পাশাপাশি পর্যটনের বিকাশেরও যথেষ্ট সুযোগ রয়েছে।














