Durga Puja 2026 Live Updates

পুজোর ভিড়ে নিখোঁজদের পাশে ‘বন্ধু কলকাতা’! পঞ্চমী থেকেই রাস্তায় নামছে ১০টি গাড়ি

Published on:

Published on:

Kolkata Police Bandhu Kolkata initiative for missing person during Durga Puja 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর (Durga Puja 2026) সময় ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায় অনেক শিশু। বহু প্রবীণ মানুষও পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এই পরিস্থিতিতে পাশে দাঁড়াবে বন্ধু কলকাতা (Bandhu Kolkata)। বৃহস্পতিবার তথা পঞ্চমী বিকেল থেকেই রাস্তায় নামছে তাঁরা।

কী কী করবে বন্ধু কলকাতা? | (Bandhu Kolkata)

আজ লালবাজারে বন্ধু কলকাতার ১০টি গাড়ির উদ্বোধন হবে। লালবাজারের আধিকারিকরাই সেই গাড়িগুলির উদ্বোধন করবেন। জানা গিয়েছে, সেই গাড়িগুলি শহর কলকাতার নানা জায়গায় ঘুরবে।

আরও পড়ুনঃ ব্রিজের তলায় খেলার জায়গা তৈরি করবে রাজ্য! শহর সাজাতে আরও বড় পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা

লালবাজারের তরফে জানানো হয়েছে, পুজোর ভিড়ে শিশু ও প্রবীণরা অনেক সময় সমস্যায় পড়েন। প্রবল ভিড়ের কারণে মণ্ডপ বা রাস্তায় তাঁদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হয়ে কার্যত দিগ্বিদিকশূন্য হয়ে পড়েন তাঁরা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু কলকাতা।

এই উদ্যোগের জন্য কলকাতা পুলিশের সঙ্গে রাজ্যের কয়েকটি দফতর ও এনজিও হাত মিলিয়েছে। দশটি গাড়িতে একজন করে সাব ইনস্পেক্টর বা অ্যাসিন্ট্যান্ট সাব ইনস্পেক্টর, একজন করে মহিলা কনস্টেবল, একজন করে কনস্টেবল ও একজন করে এনজিও কর্মী থাকবেন।

জানা গিয়েছে, বিকেল চারটে থেকে শহর জুড়ে বন্ধু কলকাতার গাড়িগুলি ঘুরবে। গাড়িগুলির ভিতর বেলুন দিয়ে সাজানো হবে। গাড়িতে চিপস বা চকোলেটের মতো খাবার থাকবে। নিখোঁজ শিশুদের সেগুলি দেওয়া হবে।

বন্ধু কলকাতা গাড়িতে থাকা পুলিশকর্মীরা নিখোঁজ শিশু ও প্রবীণদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন। তাঁরা শহরের নানা মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখবেন কেউ হারিয়ে গিয়েছেন কিনা। নিখোঁজদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। শিশুদের নিয়ে যাওয়া হবে থানার শিশুবান্ধব ঘরে। নিখোঁজদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সেদিকে নজর রাখবেন থানার মহিলা পুলিশকর্মীরা।

Bandhu Kolkata

এছাড়া নিখোঁজদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। কোনও নিখোঁজের তথ্য আসছে কিনা সেদিকে পুলিশকর্মীরা নজর রাখবেন। পুজো মণ্ডপে গিয়ে অভিভাবকরা নিখোঁজের বিষয়ে জানালে তা সংশ্লিষ্ট থানায় জানানো হবে। সেই থানা থেকে শহরের সব থানায় খবর পাঠানো হবে। এভাবেই নিখোঁজদের ফের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

প্রত্যেক বছর পুজোর ভিড়েই হারিয়ে যান বহু মানুষ। বিশেষত শিশু ও প্রবীণদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে পথে নামছে বন্ধু কলকাতা।