ভিআইপি নিরাপত্তার নামে আইন ভাঙা? অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ

Published on:

Published on:

Complaint filed against Abhishek Banerjee for violating traffic rules
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজনৈতিক বিতর্কের পাশাপাশি একের পর এক আইনি অভিযোগের মুখে পড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিআইডির তদন্ত, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে আদালতে আইনি টানাপোড়েনের আবহে এবার তাঁর বিরুদ্ধে নতুন করে দায়ের হল ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ। একটি ভাইরাল ছবি ঘিরেই কালীঘাট থানায় এই অভিযোগ জমা পড়েছে।

কেন অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ ?

সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একটি গাড়ির বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে সফর করছেন দুই নিরাপত্তারক্ষী। অভিযোগকারী রাজীব সরকারের বক্তব্য অনুযায়ী,চলন্ত গাড়িতে এই ধরনের অবস্থান শুধু বিপজ্জনক নয়, প্রচলিত ট্রাফিক বিধিরও পরিপন্থী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন।

প্রসঙ্গত, অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮’-এর বিধান লঙ্ঘন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ‘মোটরযান আইন, ১৯৮৮-র ধারা ১২৩ ও ধারা ১৮৪’-এর আওতায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগকারীর আরও বক্তব্য, ভিআইপি নিরাপত্তার কথা বলে কোনওভাবেই আইনের ব্যতিক্রম করা যায় না। নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত প্রোটোকলেও নিরাপত্তারক্ষীদের চলন্ত গাড়ির বাইরে ওইভাবে দাঁড়িয়ে বা ঝুলে থাকার অনুমতি নেই বলে তিনি দাবি করেছেন।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও রাজীব সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তৃণমূল সাংসদের একটি ডিজে-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল। সেই মামলার তদন্তভার বর্তমানে সিআইডির হাতে রয়েছে।

Complaint filed against Abhishek Banerjee for violating traffic rules

আরও পড়ুন : পালিয়েও মিলল না রেহাই! অদিতি মুন্সির স্বামী দেবরাজকে ধরতে কীভাবে অভিযান চালাল এসটিএফ

ওই তদন্তের সূত্র ধরেই তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বৈধতা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সাংসদ। তবে হাইকোর্টে তাৎক্ষণিক স্বস্তি না মেলায় আইনি প্রক্রিয়া এখনও চলমান। এরই মধ্যে নতুন ট্রাফিক-সংক্রান্ত অভিযোগ সামনে আসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আইনি বিতর্ক আরও একধাপ বেড়ে গেল।