বাংলা হান্ট ডেস্কঃ শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে দেশের স্কুলের পড়াশোনায় বড় পরিবর্তন আসতে চলেছে। এবার শুধু বইয়ের বিষয় হিসেবে নয়, ছোট বয়স থেকেই পড়ুয়াদের শেখানো হবে নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা, ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য বোঝা, কারও সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সম্মতির গুরুত্ব এবং শিশু নির্যাতন থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, স্কুল-কলেজের পাঠ্যক্রমে Comprehensive Sex Education বা জীবনশৈলী শিক্ষা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
কী কী শেখানো হবে পড়ুয়াদের (Comprehensive Sex Education)?
এই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নতুন পাঠ (Comprehensive Sex Education) চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য স্বাস্থ্য মন্ত্রক ও শিক্ষা মন্ত্রক একসঙ্গে কাজ করছে। এর আগে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, শুধু নবম বা দশম শ্রেণি থেকে এই ধরনের শিক্ষা শুরু করলে হবে না। শিশুদের ছোট বয়স থেকেই বয়স অনুযায়ী প্রয়োজনীয় বিষয়গুলি বোঝানো দরকার।
আদালতের মতে, বয়ঃসন্ধির সময়ে শিশুদের শরীর ও মনে অনেক পরিবর্তন আসে। সেই সময় কীভাবে নিজের যত্ন নিতে হবে, কোন আচরণ নিরাপদ এবং কোনটি নয়—এসব বিষয়ে আগে থেকেই ধারণা থাকা প্রয়োজন। সচেতনতার অভাবে অনেক সময় শিশুরা সমস্যায় পড়ে যায়।
কেন্দ্র কী জানাল সুপ্রিম কোর্টে?
কেন্দ্র জানিয়েছে, এই বিষয়টি নিয়ে একটি ২৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটি স্কুল ও কলেজে এই শিক্ষা চালু করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে। কমিটির পরামর্শ অনুযায়ী—
- স্কুল ও কলেজের সিলেবাসে Comprehensive Sex Education যুক্ত করা হবে।
- শিশুদের যৌন নির্যাতন সম্পর্কে সচেতন করা হবে।
- বয়স অনুযায়ী সহজ ও বৈজ্ঞানিক তথ্য দেওয়া হবে।
- শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা বিষয়টি সঠিকভাবে পড়াতে পারেন।
- ছোটদের শরীরের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং Good Touch ও Bad Touch সম্পর্কে বোঝানো হবে।
এছাড়াও স্কুলে সপ্তাহে অন্তত দু’দিন ১৫ থেকে ২০ মিনিটের বিশেষ সচেতনতা ক্লাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ক্লাস নেবেন প্রশিক্ষিত শিক্ষক বা বিশেষজ্ঞরা।
শুধু পড়ুয়া নয়, অভিভাবকদেরও দেওয়া হবে সচেতনতা
নতুন এই পরিকল্পনায় শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকদেরও যুক্ত করার কথা বলা হয়েছে। কারণ, সন্তানদের শরীর ও মনের পরিবর্তন সম্পর্কে বাবা-মায়েরও সঠিক ধারণা থাকা দরকার। বিশেষজ্ঞদের মতে, সন্তান কোনও সমস্যার মধ্যে পড়লে যাতে সহজে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারে, সেই পরিবেশ তৈরি করাও জরুরি।
নতুন শিক্ষায় কী কী থাকবে?
এই পাঠ শুধু যৌন বিষয় নিয়ে হবে না। বরং শিশুদের নিরাপত্তা ও সচেতনতার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে।পড়ানো হতে পারে—
- বয়ঃসন্ধিতে শরীরের পরিবর্তন।
- Good Touch ও Bad Touch-এর পার্থক্য।
- নিজের ব্যক্তিগত নিরাপত্তা।
- Consent বা সম্মতির গুরুত্ব।
- সুস্থ সম্পর্ক ও পারস্পরিক সম্মান।
- ইন্টারনেট ব্যবহারের সময় নিরাপত্তা।
- সাইবার হয়রানি থেকে বাঁচার উপায়।
- শিশু নির্যাতন হলে কীভাবে সাহায্য নিতে হবে।
কেন এই শিক্ষা আনার প্রয়োজন হচ্ছে?
কেন্দ্রের বক্তব্য, ভারতে এখনও যৌন শিক্ষা নিয়ে অনেক সংকোচ রয়েছে। অনেক শিশু প্রয়োজনীয় তথ্য না পাওয়ার কারণে বিপদ বুঝতে পারে না বা সমস্যার কথা কাউকে বলতে পারে না।
শুধু Good Touch ও Bad Touch শেখালেই সব সমস্যা সমাধান হয় না। তাই শরীর, নিরাপত্তা, সম্মতি এবং সম্পর্কের বিষয়ে বয়স অনুযায়ী সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন বলে মনে করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ ৮১ হাজার স্কুলের ভোলবদল! সোলার থেকে স্মার্ট সুবিধা, শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা শুভেন্দুর
NCERT তৈরি করবে নতুন পাঠের কাঠামো
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী NCERT এই নতুন পাঠক্রমের কাঠামো তৈরি করবে বলে জানানো হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় সীমিতভাবে এই ধরনের বিষয় পড়ানো হলেও, এবার জাতীয় স্তরে আরও পরিকল্পিতভাবে এটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্র জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখন মূল বিষয় হল, নতুন এই পাঠক্রম (Comprehensive Sex Education) কবে থেকে স্কুল-কলেজে চালু হবে এবং কোন শ্রেণি থেকে পড়ানো শুরু হবে।













