পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি? রতন শেখের এনকাউন্টারের পুরো ঘটনা প্রকাশ্যে আনলেন SP

Published on:

Published on:

SP gives the full details of birbhum encounter

বাংলা হান্ট ডেস্ক : বীরভূমে এনকাউন্টারে (Birbhum Encounter) অভিযুক্ত ব্যক্তির মৃত্যু ঘিরে সামনে এল পুলিশের অভিযানের বিবরণ। রবিবার নানুরে অস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় রতন শেখের। পুলিশের বক্তব্য, অভিযানের মাঝেই আচমকা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় সে। পুলিশকর্মীদের জীবন রক্ষা করতে পাল্টা গুলি চালানো ছাড়া অন্য কোনও পথ ছিল না। কীভাবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সোমবার সাংবাদিকদের সামনে তার ব্যাখ্যা দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ।

বীরভূমের এনকাউন্টারের (Birbhum Encounter) বিবরণ দিলেন পুলিশ সুপার

তদন্তকারীদের দাবি, রতনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ। তার বিরুদ্ধে আগে থেকেই ৩৬টি মামলা নথিভুক্ত ছিল। চুরি ও ডাকাতির মতো অপরাধের অভিযোগও রয়েছে সেই তালিকায়। অতীতে একাধিকবার গ্রেফতার হয়ে বিভিন্ন জেলে কাটিয়েছে সে। বোলপুর সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পরই তাকে ঘিরে নতুন করে তদন্ত শুরু হয়। এসপি বলেন, “ওর বিরুদ্ধে তদন্ত করা চলছিল। পুরনো ৩৬টা মামলা আছে। চুরি,ডাকাতিরমতো অন্যান্য ধারা ছিল। অনেকবার গ্রেফতার হয়েছে। নানা জেলে ছিল এতদিন ধরে। ঘটনার দিন বোলপুর সংশোধনাগার থেকে ছাড়া পায়।”

SP gives the full details of birbhum encounter

১৩ তারিখ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে রতনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, “ওঁকে জেরার সময় অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। সেই তথ্য পাওয়ার পর খতিয়ে দেখা হয়। এরপর ওকে ফের জেরা করা হয়। ১৩ তারিখ যে ঘটনা ঘটেছিল (পুলিশকে গুলি) তারপর ও কোথায় কোথায় গিয়েছিল, আর কোথায়-কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছে সবটা জানায়।”

আরও পড়ুন : পাত্রীর সঙ্গে দুবাই যোগের গুঞ্জন! দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রী কে? জানুন পরিচয়

সেই তথ্যের ভিত্তিতে পুলিশি দল পৌঁছয় নানুরের একটি ইটভাটায়। পুলিশের দাবি, সেখানে গিয়ে রতন প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করে। এরপর ঝোপের ভিতর থেকে বন্দুক বার করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি পুলিশের গাড়িতে লাগে। পরিস্থিতি বুঝে পুলিশও পাল্টা গুলি চালায়। এসপির বর্ণনায়, “সেই মতো নানুরের একটি ইট ভাটায়ও পুলিশকে নিয়ে আসে। ওইখানে উনি পৌঁছতেই এ দিক ওদিক খুঁজতে শুরু করে কোথায় বন্দুক লুকিয়ে রেখেছেন। এরপর হঠাৎ করে বসে যায় ও। তারপর ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের টিমের উদ্দেশে গুলি চালায়। যদিও সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এরপরই আত্মরক্ষার স্বার্থে রতনকে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।”

গুলিবিদ্ধ হওয়ার পরেও রতন ফের গুলি চালানোর চেষ্টা করেছিল বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদিত রাজ বুন্দেশ। এসপি বলেন, “এই ঘটনার পরও উনি দাঁড়িয়ে ফের গুলি চালানোর চেষ্টা করেন। এরপরই উনি আহত হন। ওঁর প্রাণ বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানুর বিপিএসসিতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওঁকে মৃত বলে ঘোষণা করেন।” পুলিশের দাবি অনুযায়ী, অস্ত্র উদ্ধারের অভিযান চলাকালীন রতনের গুলিতেই প্রথমে বিপদের মুখে পড়ে পুলিশকর্মীরা। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্যই পাল্টা গুলি চালানো হয়েছিল। তবে এই ঘটনাকে ঘিরে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার এবং এনকাউন্টারের পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে পারে।