বাংলাহান্ট ডেস্ক: পাইলটদের জন্য নয়া নির্দেশিকা জারি ডিজিসিএ (DGCA)-এর। এতদিন প্রি-ফ্লাইট ব্রেদালাইজ়ার পরীক্ষায় ০.০০১ রিডিং এলেই পজ়িটিভ ধরা হত এবং সংশ্লিষ্ট পাইলটকে নিয়মমাফিক তিন মাসের জন্য ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতো। দ্বিতীয়বার পজ়িটিভ ধরা পড়লে তাঁর লাইসেন্স তিন বছরের জন্য বাতিল করা হত। কিন্তু এবার সেই কঠোর নিয়মে কিছুটা পরিবর্তন আনল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ব্রেদালাইজ়ারের রিডিং যদি ০.০০১ থেকে ০.০০৯–এর মধ্যে থাকে, তবে প্রথমবার ধরা পড়লে সংশ্লিষ্ট পাইলটকে আর তিন মাস সাসপেন্ড করা হবে না। তিনি ২৪ ঘণ্টা বিশ্রামের পর ফের ডিউটিতে ফিরতে পারবেন।
পাইলটদের জন্য নয়া নির্দেশিকা জারি ডিজিসিএ (DGCA)-এর
তবে এই ছাড় কেবলমাত্র ‘ফার্স্ট টাইম অফেন্ডার’-দের ক্ষেত্রেই প্রযোজ্য। আগে কখনও পজ়িটিভ ধরা পড়লে বা পুনরায় একই রিডিং এলে পুরনো নিয়মই বলবৎ থাকবে। সে ক্ষেত্রে ০.০০১ রিডিং হলেও লাইসেন্স তিন বছরের জন্য বাতিল হতে পারে। ডিজিসিএ স্পষ্ট করেছে, এই পরিবর্তন শৃঙ্খলায় শৈথিল্য আনার উদ্দেশ্যে নয়, বরং নির্দিষ্ট সীমার মধ্যে থাকা ক্ষুদ্র রিডিংগুলির ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার জন্য।
আরও পড়ুন: এভারেস্টের উচ্চতায় উড়বে ‘এইচ ১২৫’, ভারতেই তৈরি হবে ফরাসি হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) নিয়ম। নতুন এফডিটিএল কার্যকর হওয়ায় এয়ারলাইন্সগুলিকে পাইলটদের বেশি বিশ্রাম দিতে হচ্ছে, ফলে শিডিউল সামলাতে হিমশিম খেতে হচ্ছে। নতুন পাইলট নিয়োগে বিপুল ব্যয়ও বাড়ছে। বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলছেন, এয়ারলাইন্সগুলির চাপ সামলাতেই কি এই নিয়মে পরিবর্তন? বিমান মন্ত্রকের এক কর্তার মতে, বর্তমান পরিস্থিতিতে একজন পাইলট তিন মাস বসে গেলে অপারেশনাল সমস্যার সৃষ্টি হয় এবং সংস্থাগুলি পাইলটদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইছে।
তবে সিনিয়র পাইলটদের একাংশের মতে, এই পরিবর্তন মদ্যপানের ছাড় নয়। তাঁদের দাবি, পারফিউম, কিছু ওষুধ, এমনকি নির্দিষ্ট খাবারের প্রভাবেও ব্রেদালাইজ়ারে ০.০০৯–এর মধ্যে রিডিং আসতে পারে। এমনকি নতুন রং করা ঘরে পরীক্ষার সময়ও ভুয়ো পজ়িটিভের নজির রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। তাই সামান্য রিডিংয়ের ক্ষেত্রে পাইলটদের ভবিষ্যৎ ঝুঁকিতে না ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁদের মত।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে জয়জয়কার বাংলার ধানের! গোবিন্দভোগ-সহ ৩টি চালকে ‘হেরিটেজ’ স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ
নিয়ম অনুযায়ী, ডিউটি শুরুর অন্তত ১২ ঘণ্টা আগে থেকে পাইলটদের মদ্যপান নিষিদ্ধ। পজ়িটিভ এলে দ্বিতীয়বার পরীক্ষা করার সুযোগ রয়েছে এবং পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড ডিজিসিএ–র কাছে জমা দিতে হয়। এক সিনিয়র পাইলটের কথায়, যদি কেউ শেষ ১২ ঘণ্টায় মদ্যপান না করে থাকেন, তবে দ্বিতীয় পরীক্ষায় পজ়িটিভ আসার সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে, নিরাপত্তা বজায় রেখেই বাস্তব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা— এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

















