নাম বদলেছে, এবার পাল্টাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির খোলার সময়! নতুন সময়সূচি জানুন

Published on:

Published on:

Digha Jagannath Temple opening time is changing from 22 June
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর দিঘা জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) থেকে ‘ধাম’ শব্দ সরানো হয়েছে। এবার পাল্টে যাচ্ছে মন্দির খোলার সময়। আগামী ২২ জুন থেকে নতুন সময়ে মন্দিরের দরজা খুলবে। ইতিমধ্যেই দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নয়া সময়সূচি জানানো হয়েছে।

দিঘা জগন্নাথ মন্দিরের নতুন সময়সূচি | (Digha Jagannath Temple)

রাজ্য তো বটেই, বর্তমানে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে দিঘা জগন্নাথ মন্দির। উদ্বোধনের পর থেকে রোজ বিকেল ৩টের সময় মন্দিরের দরজা খুলত। তবে এবার সেই সময় ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ২২ জুন থেকে বিকেল ৪টের সময় মন্দির খুলবে।

আরও পড়ুনঃ AC বাসে চেপে পুরী থেকে কলকাতা! রথের আগেই চালু সরকারি বাস পরিষেবা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টায় দিঘা জগন্নাথ মন্দির খুলবে। দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এরপর ফের বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। মাঝে দুপুর ১টা থেকে ৪টে অবধি মন্দির বন্ধ থাকবে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও জানিয়েছেন দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত তথা ট্রাস্টি রাধারমণ দাস। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, প্রচণ্ড গরমের মধ্যে এই সময়ে কম দর্শনার্থী মন্দিরে আসেন। সেই কারণে এবার ৪টের সময় মন্দির খোলা হবে। আমরা মনে করছি, এই সময়টা মন্দিরের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজে ব্যবহার করা অধিক যুক্তিযুক্ত”।

Digha Jagannath Temple

তিনি আরও জানান, “প্রত্যেক ভক্ত যখন দিঘার জগন্নাথ মন্দিরে আসবেন, তখন তাঁদের সকলকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালিত মন্দিরের দর্শন করানো আমাদের লক্ষ্য।…মন্দিরের দেবসেবা, রক্ষণাবেক্ষণ এবং ভক্তসেবার সর্বোচ্চ মান বজায় রাখতে সময়ে সময়ে কিছু পরিচালনাগত ও প্রশাসনিক বদল অপরিহার্য হয়ে ওঠে। সেই কারণেই এই সময়সূচির বদল”।

এদিকে সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ সরানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “এবার থেকে সম্পূর্ণ কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র এবং যেখানে ঈশ্বরের পুজো-পাঠ হয়, সেই স্থাপত্যটি শ্রী জগন্নাথদেব মন্দির নামে পরিচিত হবে।“ এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই মন্দির খোলার সময়সূচি বদলের ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে নতুন সময়সূচি মেনেই মন্দির খোলা হবে বলে জানানো হয়েছে।