বাংলা হান্ট ডেস্কঃ তিলজলার আগুন লাগার ঘটনার পর থেকেই রাজ্য সরকার বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। আগুনের কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এই পরিস্থিতির মধ্যেই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) একাধিক বড় ঘোষণা করেছেন। তিনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বলার পাশাপাশি চাকরি, মা ক্যান্টিন এবং মেট্রো প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন।
মা ক্যান্টিন ও চাকরি নিয়ে বড় ঘোষণা দিলীপের (Dilip Ghosh)
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, মানুষের নিরাপত্তার কথা ভেবেই সরকার কড়া সিদ্ধান্ত নিচ্ছে। কোনও বেআইনি নির্মাণ বা বিপজ্জনক কারখানা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, যেসব বেআইনি নির্মাণ মানুষের জন্য বিপদ তৈরি করছে, সেগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশ মেনেই তিলজলায় বুলডোজার চালিয়ে একাধিক অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়।
এদিন চাকরি নিয়েও বড় ঘোষণা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, পঞ্চায়েত দপ্তরে প্রায় সাড়ে ৬ হাজার নতুন নিয়োগ দ্রুত করা হবে। তাঁর অভিযোগ, আগের সরকারের সময় অনেক প্যানেল তৈরি হলেও নিয়োগ হয়নি। সেই বঞ্চিত প্রার্থীদের বিষয়টিও ধাপে ধাপে দেখা হবে বলে জানান তিনি।
মা ক্যান্টিন প্রকল্পেও বড় বদলের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। এখন যেখানে ডিম-ভাত দেওয়া হয়, সেখানে ভবিষ্যতে মাছ-ভাতও দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে ৫ টাকায় খাবারের সুবিধা আগের মতোই থাকবে।

আরও পড়ুনঃ ‘প্লিজ স্যার…’ হাই কোর্টে প্রধান বিচারপতির কাছে হাতজোড় করে আবেগপ্রবণ হয়ে পড়লেন মমতা
অরেঞ্জ লাইন মেট্রো নিয়েও আগের সরকারের সমালোচনা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, উন্নয়নের কাজ আটকে দিতে বারবার আদালতে যাওয়া হয়েছিল। তবে এখন আইনি সমস্যা অনেকটাই মিটে গিয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি।













