কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ, বীজ উৎপাদন ও ফুড পার্কে জোর দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh makes announcement to boost farmers' income
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক ও লাভজনক করে তুলতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উন্নত মানের বীজ উৎপাদন, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ, রপ্তানি বৃদ্ধি এবং পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ— সব মিলিয়ে কৃষি ও গ্রামীণ প্রশাসনকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি।

কী জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)‌?

বুধবার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি) আয়োজিত কাঁঠাল প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। তিনি জানান, রাজ্যের কৃষকদের উন্নত মানের বীজ সহজলভ্য করতে প্রায় ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় আম, আলু এবং পাটের বীজ উৎপাদনের জন্য পৃথক ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি আলুর ফলন ও গুণগত মান বাড়ানোর লক্ষ্যে আধুনিক গবেষণা পরিকাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

দিলীপ ঘোষের দাবি, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক বাজারও নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় নতুন ফুড পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই ফুড পার্কগুলিতে ফল ও সবজি প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে, যাতে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন এবং বিদেশে রপ্তানি আরও সহজ হয়। তিনি আরও জানান, বেসরকারি সংস্থার মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ফল ও সবজি সংগ্রহের ব্যবস্থা করা হবে।

Dilip Ghosh makes announcement to boost farmers' income

আরও পড়ুন : পালাবদলের পর ফের কলকাতায় মেসি? বিশ্বকাপ ফাইনালের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট শতদ্রুর

এরপর সেই পণ্য প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। এর ফলে কৃষকরা ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি রাজ্যের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ নিয়েও স্পষ্ট বার্তা দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বিভিন্ন পঞ্চায়েতে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই বিশেষ অডিটের কাজ শুরু হয়েছে এবং তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে রাজ্যের কৃষি ও পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী।