বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর স্কুল শিক্ষা দফতরের তরফে সারপ্লাস ট্রান্সফার (Surplus Transfer) সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়, ছাত্র-শিক্ষক অনুপাত তথা পিটিআর মেনে অবিলম্বে স্কুল শিক্ষকদের (School Teacher) উদ্বৃত্ত বদলি কার্যকর করতে হবে। এই নিয়ে বিগত বেশ কিছু সময় ধরে চর্চা-আলোচনা চলছে। এই আবহে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বললেন, সারপ্লাস ট্রান্সফারের পরেও পছন্দ অনুসারে বদলি হওয়ার সুযোগ পাবেন শিক্ষকরা।
সারপ্লাস ট্রান্সফারের পরেও থাকবে আবেদনের সুযোগ | (Surplus Transfer)
বৃহস্পতিবার বিকাশ ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন স্কুল শিক্ষামন্ত্রী। সেখান থেকেই এই ঘোষণা করেন তিনি। দীপক বলেন, উদ্বৃত্ত শিক্ষক হিসেবে বদলি হওয়ার পরেও পছন্দ অনুযায়ী বদলি হওয়ার অধিকার মিলবে। সংশ্লিষ্ট শিক্ষক এই মর্মে ফের আবেদন করতে পারেন। সব নিয়ম যদি ঠিক থাকে তাঁকে ফের বদলি করা হতে পারে।
আরও পড়ুনঃ কৃষকদের জন্য বড় আপডেট! PM Kisan-এর ২৪তম কিস্তির টাকা কবে মিলবে?
আগেই জানা গিয়েছে, রাজ্যের যেসব প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া নেই অথবা পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা আনুপাতিক হারে বেশি সেখানেই সারপ্লাস বদলি শুরু হবে। যেসব স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেখানে উদ্বৃত্ত শিক্ষকদের ট্রান্সফার করা হবে। এক্ষেত্রে তুলনামূলক নবীনদের আগে বদলি করতে আগ্রহী রাজ্য সরকার।
তবে একবার বদলি হয়ে গেলেই সেই শিক্ষকের বদলির আবেদনের সুযোগ চলে যাবে না। স্কুল শিক্ষামন্ত্রী বলেন, “আমরা যেহেতু প্রাথমিক শিক্ষকদের এই বদলি করছি, তাই তাঁর বদলির সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। তিনি আবারও আবেদন করতে পারেন। যদি সব নিয়ম ঠিক থাকে, তাহলে তিনি আবার ট্রান্সফার হতে পারেন।“

একইসঙ্গে দীপক জানান, যেসব শিক্ষক অন্য জেলায় রয়েছেন, তাঁদের নিজের জেলায় ফেরানোর ভাবনা রয়েছে। তিনি স্পষ্ট করে দেন, উদ্বৃত্ত বদলির ক্ষেত্রে তুলনামূলক কম বয়সীদের আগে নির্বাচন করা হচ্ছে। শারীরিক সক্ষমতার দিক থেকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফারের পাশাপাশি গতকাল আরও বেশ কিছু ঘোষণা করেছেন স্কুল শিক্ষামন্ত্রী। এর মধ্যে অন্যতম সিলেবাস পরিবর্তন। দীপক জানান, প্রথম শ্রেণি থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাসে আমূল বদল আনা হবে। আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জিত হতে পারে। তবে ২০২৮ সাল থেকে তাতে আমূল বদল আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।













