বাংলা হান্ট ডেস্কঃ জাল কাগজপত্র তৈরি করে কোটি কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে কলকাতার তিন ব্যবসায়ীর বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার গড়িয়া এবং তার আশপাশের এলাকায় এই জমি জালিয়াতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এবার এই ঘটনায় তিন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বিচার ভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কীভাবে চলত জমি দখলের কারবার?
ইডির (Enforcement Directorate) চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন অমিত গঙ্গোপাধ্যায়, রামপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেবাশিস চৌধুরী। রাজ্য পুলিশের দায়ের করা ১৩টি এফআইআরের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করে ইডি। সোনারপুর, নরেন্দ্রপুর এবং বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এই মামলাগুলি দায়ের হয়েছিল। সেখানে প্রতারণা, জালিয়াতি, ষড়যন্ত্র এবং ভুয়ো নথি ব্যবহারের অভিযোগ ছিল।

ইডির (Enforcement Directorate) দাবি, গড়িয়া ও তার আশপাশের দামি জমি দখল করাই ছিল অভিযুক্তদের লক্ষ্য। এর জন্য ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি, জাল বোর্ড রেজোলিউশন এবং উত্তরাধিকার সংক্রান্ত নকল কাগজপত্র তৈরি করা হত। এই সব নথি ব্যবহার করে কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ একসঙ্গে ১০৫৫ কোটি টাকা! বাংলার ৪ প্রকল্পে বড় ঘোষণা নিতিন গডকড়ীর
তদন্তে উঠে এসেছে, প্রথমে জমির মালিকদের সঙ্গে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ করতেন অভিযুক্তরা। এরপর সেই সুযোগে জমির আসল কাগজপত্রে বদল করা হত বলে অভিযোগ। পরে সেই নথি দেখিয়ে জমির রেজিস্ট্রি, মিউটেশন এবং দেওয়ানি মামলা করা হত।
এর জেরে আসল জমির মালিকরা নিজেদের সম্পত্তির অধিকার হারাতেন বলে দাবি ইডির (Enforcement Directorate)। কয়েকটি ক্ষেত্রে জমির মালিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকী, নিজেদের জমিতে ঢুকতে গেলেও তাঁদের বাধা দেওয়া হত বলে চার্জশিটে জানিয়েছে ইডি।
এই তদন্তে দুটি প্রকল্পের কথা বিশেষভাবে উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডির (Enforcement Directorate) দাবি, প্রথম প্রকল্পে ৪ কোটি ১২ লক্ষ টাকার সম্পত্তি এবং দ্বিতীয় প্রকল্পে ৭১ কোটি ৬২ লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া একটি সংস্থার নামে থাকা ৬.৪১ একর জমি অন্য একটি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য জাল বোর্ড রেজোলিউশন তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ।
এই সমস্ত ঘটনায় অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রামপ্রসাদ মুখোপাধ্যায় ও দেবাশিস চৌধুরীর যোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের। গত মার্চ মাসে তিন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি (Enforcement Directorate)। এরপর ১৫ সেপ্টেম্বর অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই জমি জালিয়াতির ঘটনায় আরও কারা জড়িত, তা খুঁজে বের করতে এখনও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।












