বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক পারদ চড়ছে, সামনে বিধানসভা নির্বাচন। এই আবহেই ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্বাচনের আর বাকি মাত্র দু সপ্তাহখানেক। এর মাঝেই রাজ্যে অভিযান চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। রেশন দুর্নীতি মামলায় কলকাতা-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একসাথে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।
ইডির (Enforcement Directorate) অভিযান
দীর্ঘদিন ধরেই এই মামলার তদন্ত চালাচ্ছে ইডি। এই মামলার তদন্তেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইডি। যদিও পরে তাঁরা জামিনে মুক্তি পান। তবুও তদন্তকারীরা এখনও দুর্নীতির গভীরে পৌঁছতে পারেননি বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই নতুন করে তথ্য জোগাড় করতে শুক্রবার ভোর থেকে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করে ইডি।
শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশে বনগাঁ, মুর্শিদাবাদ ও হাওড়া সহ বেশ কয়েকটি জায়গায় পৌঁছায় ইডির দল। জানা গেছে একসাথে মোট ১২ টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, একাধিক ব্যবসায়ীর বাড়ি ও দপ্তরে হানা দিয়ে নথি উদ্ধার করা চলছে।
জানা গিয়েছে, পোদ্দার কোর্টের ৮ তলায় ৩ নম্বর গেটের এক ব্যবসায়ীর অফিস, মিন্টো পার্কে তাঁর একাধিক দফতর এবং লর্ড সিনহা রোডের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এই মামলায় আগে এক ব্যক্তি গ্রেফতার হন আর তাকেই জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একাধিক ব্যবসায়ীর নাম। সেই সূত্রকে ধরেই আজকের অভিযান চালাচ্ছে ইডি এমনটাই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতির তথ্য প্রথম সামনে আসে, ২০২০ সালে। সে সময় নদিয়ায় ৭৬২ কিলো কালোবাজারির আটা উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে অভিযোগ দায়ের হয়। রেশনের ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে ফেলা হয় এবং সরকারি মতে কালোবাজারিতে বিপুল টাকায় বিক্রি করা হত, সেসময় এমনটাই অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল।

আরও পড়ুন :পহেলা বৈশাখের আগে সোনার দাম ঊর্ধ্বমুখী! ফের পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের, জানুন আজকের রেট
এরপর ইডির হাতে তদন্তভার পড়লে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শংকর আঢ্য-সহ আরও কিছুজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ভোটের মুখে এই তল্লাশি অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তদন্ত কোন দিকে মোড় নেয় এবং নতুন করে কারা এই মামলায় জড়িয়ে পড়েন, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।













