বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে আবার কলকাতায় সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। জমি দখল ও আর্থিক দুর্নীতির অভিযোগকে সামনে রেখে শহর ও আশপাশের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। একাধিক FIR জমা পড়ার পরই তদন্তে গতি এনে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ভোটের মুখে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)
কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবার ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি (Enforcement Directorate)। বিভিন্ন দলে ভাগ হয়ে আধিকারিকরা পৌঁছে যান একাধিক ঠিকানায়। অভিযোগ, একটি সংস্থা বেআইনি ভাবে বহু মানুষের জমি দখল করেছে এবং ভুয়ো প্রকল্পের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত আরও জোরদার করেছে কেন্দ্রীয় সংস্থা। কলকাতার পাশাপাশি বিভিন্ন জায়গায় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়ি ও দপ্তরে একযোগে তল্লাশি চলছে।
বালিগঞ্জ প্লেসের এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। ইডির (Enforcement Directorate) সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জমির দলিল, আর্থিক লেনদেনের নথি-সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, খুব শিগগিরই সংস্থার কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এদিকে, রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট হবে ২৯৪টি আসনে, ফল প্রকাশ ৪ মে। এই পরিস্থিতিতে আচরণবিধি চালু থাকা অবস্থায় কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি অন্য একটি মামলায় আইপ্যাকের সল্টলেক অফিস এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (Enforcement Directorate)। সেই সময় হঠাৎ সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় ইডি অভিযোগ তোলে, তদন্তের নথি ‘ছিনিয়ে’ নেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি ছিল, দলের ভোট সংক্রান্ত কাগজপত্র বেআইনি ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই তিনি তা আটকান। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।

আরও পড়ুনঃ ক’টা থেকে শুরু ভোট গ্রহণ? আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানাল কমিশন
শুধু তাই নয়, কয়লা পাচার মামলাতেও এর আগে একাধিক তল্লাশি চালানো হয়েছে। ওই মামলায় অভিযুক্ত রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও অভিযান চালায় ইডি (Enforcement Directorate)। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি এখনও হাজিরা দেননি। তদন্তকারীরা আবারও নোটিস পাঠাতে পারে বলে সূত্রের খবর। এই সব ঘটনার মধ্যেই ফের নতুন এক মামলায় কলকাতায় তল্লাশি শুরু হওয়ায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ল।
















