বাংলা হান্ট ডেস্কঃ আজ সকাল থেকে কলকাতার একাধিক এলাকায় শুরু হয়েছে ইডি-র (Enforcement Directorate) তল্লাশি। খিদিরপুর, শর্ট স্ট্রিট-সহ শহরের বিভিন্ন জায়গায় কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন তদন্তকারীরা। আর্থিক লেনদেন, গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি পুরনো তদন্তের সূত্র ধরেই এই অভিযান চলছে। তবে ঠিক কোন মামলার কারণে এই তল্লাশি, সে বিষয়ে এখনও মুখ খোলেনি ইডি।
কলকাতায় ইডি-র (Enforcement Directorate) তল্লাশি অভিযান
সূত্রের খবর, ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডি-র (Enforcement Directorate) একাধিক বিশেষ দল বেরিয়ে পড়ে। এরপর শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে শুরু হয় তল্লাশি। ব্যবসায়ীদের বাড়ি থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, বিভিন্ন কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
তবে এই অভিযান কোন মামলার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। ইডি-র (Enforcement Directorate) তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। কোন কোন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে, সেই বিষয়েও এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর এক ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি।
এদিকে, তল্লাশি চলা এলাকাগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে কৌতূহলও তৈরি হয়েছে। সকাল থেকেই বহু মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় জমাতে শুরু করেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক প্রতারণা ও দুর্নীতির অভিযোগে একাধিক অভিযান চালিয়েছে ইডি (Enforcement Directorate)। কিছুদিন আগে দুর্গাপুরের অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তাঁর ও তাঁর ছেলে দিগন্ত মল্লিকের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ কনস্টেবল নিয়োগে আবেদনই করতে পারছেন না তৃতীয় লিঙ্গের মানুষ! রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট
এর আগে হাওড়ার কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও অভিযান চালিয়েছিল ইডি (Enforcement Directorate)। তদন্তে উঠে আসে, তিনি একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। পাশাপাশি শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসার সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে তদন্তকারীদের দাবি। বর্তমানে সেই সব মামলার তদন্তও চলছে।













