বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদলাতেই একের পর এক তৃণমূল (TMC) নেতার কীর্তি সামনে আসছে। ইতিমধ্যেই অনেকে গ্রেফতারও হয়েছেন। এবার কি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পালা? একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় কেষ্ট সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই এই জল্পনা দেখা দিয়েছে।
গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)?
সম্প্রতি শুভেন্দু বিকাশ মণ্ডল নামে এক ইটভাটা মালিক কেষ্ট সহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কংকালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক্টর ও সশস্ত্র লোকজন নিয়ে আদিত্যপুরের লায়ন ব্রিক ফিল্ডে হামলা চালানো হয়। ইটভাটার মালিকের বক্তব্য, বোমা এবং বন্দুকের ভয় দেখিয়ে লুটপাট করা হয়েছিল প্রায় ৩ লক্ষ ইট। অনুব্রতর নেতৃত্বেই সম্পূর্ণ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মাসে মাসে ৯ হাজার! পড়ুয়াদের জন্য ধামাকা সরকারি প্রকল্প, জানুন আবেদনের খুঁটিনাটি
শুভেন্দু বিকাশের দাবি, এই ঘটনা ঘটার পর থানা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের দ্বারস্থ হয়ে কোনও লাভ হয়নি। অভিযোগ জানিয়েও কাজ দেয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার আসতেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এদিকে বাংলায় তৃণমূল জমানার অবসান ঘটতেই দলের একের পর এক নেতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে মানুষ। সেই সঙ্গেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই আবহে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের।

সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিযোগ আসতেই একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় স্তরে খোঁজখবর নেওয়া চলছে। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল ফের গ্রেফতার হন কিনা এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে।
এদিকে ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বীরভূমের রাজনৈতিক সমীকরণ অনেক বদলেছে। একদা জেলার ‘বেতাজ বাদশা’ কেষ্টর দাপট এখন অনেক কম। সেই সঙ্গেই রাজ্যে সরকারও বদলেছে। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়ায় শেষ অবধি কী হয় সেদিকেই নজর সকলের।













