“আর রাজনীতি করব না”! তৃণমূলে ভাঙনের মাঝেই ‘সন্ন্যাস’ হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর

Published on:

Published on:

Former minister and TMC MLA Snehasis Chakraborty expresses his desire to leave politics
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্য জুড়ে গেরুয়া ঝড় উঠেছিল। তৃণমূল (TMC) কার্যত দাঁড়াতে পারেনি। এরপর থেকে রাজ্যের প্রাক্তন শাসকদলের অন্দরে ডামাডোল পরিস্থিতি চলছে। এই আবহে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বললেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty)।

রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ স্নেহাশিসের (Snehasis Chakraborty)!

বুধবার বিধানসভায় গিয়েছিলেন স্নেহাশিস। সেখানেই রাজনীতি থেকে সরে যাওয়ার কথা জানান প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মানুষের রায় মেনে নিয়েছি। আর আমি রাজনীতি করব না।”।

বঙ্গ রাজনীতির এক পোড় খাওয়া নেতা স্নেহাশিস চক্রবর্তী। ২০১১ সালের বিধানসভা ভোটে জিতে হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক হয়েছিলেন। ২০২২ সালের অগাস্টে রাজ্যের পরিবহণমন্ত্রীর দায়িত্ব পান। এবারের ভোটেও তাঁকে জাঙ্গিপাড়া থেকে দাঁড় করিয়েছিল তৃণমূল। তবে অল্পের জন্য জয় হাতছাড়া হয়।

আরও পড়ুনঃ শওকত মোল্লার বাড়িতে NIA! তৃণমূল নেতার ছেলেকে তুলে নিয়ে গেলেন তদন্তকারীরা

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি স্নেহাশিসকে। সম্প্রতি তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চেও উপস্থিত ছিলেন না। এবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন তিনি।

এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে ভরাডুবির পর কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, এই নিয়ে বিগত কয়েকদিন ধরে দলের অন্দরে টানাপড়েন চলছিল। বুধবার তাতে ইতি টেনে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিনই আবার বাংলায় দলের সব কমিটি এবং এর শাখা সংগঠন বিলুপ্তির ঘোষণা করে তৃণমূল।

Snehasis Chakraborty

ভোটে হারের পর জোড়াফুল শিবিরের অন্দরে একদিকে যখন টালমাটাল পরিস্থিতি চলছে, সেই সময়ই বড় ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস। বিজেপির প্রসেনজিৎ বাগের কাছে ৮৬২ ভোটে পরাজিত হওয়ার পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। তবে রাজনীতি ছাড়লেও রাজনৈতিক আলোচনা ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন স্নেহাশিস।