বাংলা হান্ট ডেস্ক : পুজোর পরই রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার কথা। তার আগে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেবা সেতু ক্যাম্প (Seva Setu Camp) চালু করছে রাজ্য সরকার। আগামী ২ অক্টোবর থেকে তিন দিনের জন্য কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে বিশেষ ‘সেবা সেতু অভিযান’। এক ছাদের তলায় একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ও আবেদন সংক্রান্ত পরিষেবা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সেবা সেতু ক্যাম্পে (Seva Setu Camp) কি কি সুবিধা মিলবে?
কলকাতা পুরসভার ১৬টি বরো এলাকায় যেমন এই শিবির বসবে, তেমনই জেলার সমস্ত ব্লকেও আয়োজন করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিবির। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র নিয়ে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। শুধু ফর্ম দেওয়া নয়, আবেদন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তাও করা হবে। পাশাপাশি একাধিক ব্যাঙ্কের কাউন্টার রাখার পরিকল্পনা রয়েছে।
অন্নপূর্ণা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী থেকে জয় জোহার—বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে এই শিবিরে। এর সঙ্গে পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধির মতো কেন্দ্রীয় প্রকল্পেও আবেদন করা যাবে। সব মিলিয়ে প্রায় ২০টি কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পকে এই কর্মসূচির আওতায় আনার কথা রয়েছে।
সেবা সেতু অভিযান-এর বিশেষত্ব হল, রাজ্যের প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার জন্যও একই জায়গা থেকে আবেদন করার সুযোগ থাকছে। কলকাতায় প্রতি দুটি ওয়ার্ডের জন্য একটি করে শিবির তৈরির ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষ শিবিরে হাজির হলে যাতে পরিষেবা দিতে সমস্যা না হয়, সেই বিষয়টিও প্রশাসনের মাথায় রয়েছে। সরকারি ক্যাম্পে ভিড়ের কারণে অনেক সময় কাউন্টারে দীর্ঘ লাইন তৈরি হয়। আবেদন করতে গিয়ে অনেকে প্রয়োজনীয় সহায়তা না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগও ওঠে।
এবার সেই পরিস্থিতি এড়াতে আগে থেকেই ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে তিন দিন প্রতিটি শিবিরে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার জন্য লালবাজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রকল্পের ফর্ম পূরণ করতে বহু মানুষ শিবিরে আসতে পারেন। ফলে সংশ্লিষ্ট কাউন্টারে ভিড় সামলানো এবং দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করাই প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে পারে।