বাংলাহান্ট ডেস্ক: ইরান-ইজরায়েলের সংঘাতের প্রভাব এবার আরও বেশি করে পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও। ইরানের হরুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং দুই দেশের পরস্পরের তৈল শোধনাগারগুলিতে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট (Fuel Price) দেখা দিয়েছে। বাদ পড়েনি ভারতের প্রতিবেশী দেশগুলিও। শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশে ইতিমধ্য়েই হাহাকার পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেকেই নিজেদের মতো করে সংকট মোকাবিলায় পদক্ষেপ নিতে শুরু করেছে।
ভারতের প্রতিবেশী দেশগুলিতে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Fuel Price):
ভারতের প্রতিবেশী পাকিস্তানেও সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। সেখানে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৫৫ পাকিস্তানি টাকা করে বেড়েছে। এর ফলে পাকিস্তানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৩২১ টাকা পাশাপাশি হাই-স্পিড ডিজেলের দাম বেড়ে হয়েছে ৩৩৬ টাকা। তবে এই পরিস্থিতিতেও ভারতে আপাতত পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা এবং ডিজেলের দাম ৯২.০২ টাকা। যদিও সম্প্রতি দেশে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: ঘরবাড়ি পরিষ্কার করেই মাসে ২ কোটির উপার্জন! চমকে দেবে অরুণ-নিশান্তের সাফল্যের কাহিনি
কয়েকদিন আগেই জানা যায় যে, জ্বালানি সাশ্রয়ের জন্য পাকিস্তানে ফের কোভিড-পর্বের মতো কিছু ব্যবস্থা চালু করা হতে পারে। সরকারি ও বেসরকারি অফিসের বহু কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ। পাশাপাশি স্কুল-কলেজেও অনলাইন পঠনপাঠন চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে একদিকে যেমন জ্বালানির ব্যবহার কমানো যাবে, তেমনই পরিবহণ খাতে চাপও কমবে বলে মনে করছে সরকার।
অন্যদিকে ৯ মার্চ মধ্যরাত থেকেই দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কলম্বো। সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই দিন থেকে নতুন দাম কার্যকর হয়। রিপোর্ট অনুযায়ী, অক্টেন-৯২ পেট্রোলের দাম প্রতি লিটারে ২৪ শ্রীলঙ্কান টাকা বাড়িয়ে ৩১৭ টাকা করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪.২৭ টাকার সমান। একইভাবে অক্টেন-৯৫ পেট্রোলের দাম ২৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩৬৫ শ্রীলঙ্কান টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৮.৫৫ টাকা। ডিজেলের ক্ষেত্রেও বেশ খানিকটা দাম বাড়ানো হয়েছে। অটো ডিজেলের দাম ২২ টাকা বাড়িয়ে ৩০৩ টাকা এবং সুপার ডিজেলের দাম ২৪ টাকা বাড়িয়ে ৩৫৩ টাকা করা হয়েছে। শুধু পেট্রোল ডিজেল নয়, এমনকি শ্রীলঙ্কায় কেরোসিনের দামও বাড়ানো হয়েছে, যা এখন প্রতি লিটার ১৯৫ শ্রীলঙ্কান টাকা। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে প্রথমবার ব্যারেল প্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, জ্বালানি মজুত স্থিতিশীল রাখা এবং আতঙ্কের বশে অতিরিক্ত কেনাকাটা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের! তারপরেই সুরবদল করে বললেন ‘এখনও জেতা যায়নি’
বিশেষজ্ঞদের দাবি, এই জ্বালানি সংকটের অন্যতম কারণ হরমুজ প্রণালীতে তৈরি হওয়া অচলাবস্থা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে ওই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে কয়েকশো তেলের ট্যাঙ্কার আটকে রয়েছে, যার মধ্যে ভারতেরও ৩০টির বেশি জাহাজ রয়েছে। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহণকারী রুট প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড়সড় প্রভাব পড়ছে। উল্লেখযোগ্যভাবে, ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি এই পথ দিয়েই হয়। ফলে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতসহ বহু দেশেই জ্বালানি বাজারে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












