বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। একের পর এক ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। আর এবার সরাসরি তাকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই সঙ্গে অন্য কিছু না ভেবে তাকে নিজের স্বাভাবিক খেলা খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধান কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল বাদে গোটা টুর্নামেন্টে খুব একটা ভালো ছন্দে ছিলেন না অভিষেক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেও তার বিধ্বংসী রূপ খুব একটা দেখা যায়নি। সেই সময় তার ধারাবাহিকতার অভাবের কারণে তাকে দল থেকে ছেঁটে ফেলার দাবি তুলেছিলেন অনেকেই। কিন্তু সেইসব দাবিতে কর্ণপাত করেননি গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি তার স্পষ্ট বার্তা ছিল যে অভিষেক যেমনই খেলুক তাকে দল থেকে বাদ দেওয়া যাবে না।

সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর মন্তব্য করেছেন, “অভিষেকের ওপর আমার সবসময়ই আস্থা ও বিশ্বাস ছিল। এমনকি বিশ্বকাপ চলাকালীন যখন সে রান পাচ্ছিল না, তখনও আমি তাকে বলেছিলাম একইভাবে খেলে যেতে, কারণ এটাই তার স্বাভাবিক খেলার ধরন। সে ঠিক সেটাই করেছে এবং ফাইনালেও রান পেয়েছে। গত দুই বছর ধরে সে দুর্দান্ত পারফর্ম করছে। অন্য কোনো ব্যাটারই তার মতো করে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে না। সে সত্যিই অসাধারণ, আমি চাই সে ভবিষ্যতেও একইভাবে নির্ভীক ক্রিকেট খেলা চালিয়ে যাক।”
আরও পড়ুন: ভারতীয় দলে এই তারকার কেরিয়ার শেষ হতে চলেছে, আর সুযোগ দেবেন না গৌতম গম্ভীর!
তিনি কতটা ভালো ফর্মে রয়েছেন তা একটা পরিসংখ্যান দিয়েই পরিস্কার করা সম্ভব। এতদিন অবধি সকল প্রকার টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি শতরান হাঁকানোর রেকর্ডটি ছিল বিরাট কোহলির নামের পাশে যিনি ক্রিকেট খেলছেন ১৫ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু গত দুই বছরের মধ্যে ভারতীয় দলে নিজের জায়গা করা অভিষেক শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের সেই রেকর্ড ভেঙে দেন। সেইসঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে দশের বেশি শতরান করার রেকর্ড গড়লেন এই তারকা ভারতীয় ওপেনার।
আরও পড়ুন: কোহলিদের ক্লাবে ঢুকেও মাটিতে পা রাখছেন সঞ্জু স্যামসন! ম্যাচের সেরা হয়েও প্রশংসা এই সতীর্থের
বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান হাঁকানো ব্যাটারদের তালিকা:
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ২২ শতরান
২. বাবর আজম (পাকিস্তান): ১৩ শতরান
৩. অভিষেক শর্মা (ভারত): ১১ শতরান
৪. বিরাট কোহলি (ভারত): ১০ শতরান
৫. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা): ১০ শতরান












