বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি সরকার। দেশের প্রতিটি জেলা থেকে শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রচারের পাশাপাশি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে সিভিক সেন্স ফিরলেও বহু জায়গায় এখনও রাস্তায়, স্টেশনে যেখানে সেখানে থুতু, পানের পিক ফেলতে দেখা যায় বহু মানুষকেই। এবার সেই নিয়েই কড়া ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
থুতু, পানের পিক ফেলা নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবারই সেখানে পুর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাস্তাঘাট পরিষ্কার রাখা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছেন। তিনি জানান, এবার থেকে যেখানে খুশি থুতু, পানের পিক, ময়লা ফেলা যাবে না। ময়লা প্লাস্টিক ফেলা বন্ধ, রাস্তা নোংরা করলে নেওয়া হবে ফাইন (Spitting Fine)। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে চালু হচ্ছে এই নিয়ম। এতে যেমন সাথারণ মানুষের অসুবিধা কমবে তেমনি দৃশ্যদূষণও রোধ হবে।
আরও পড়ুনঃ ৮ বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! সোমবারই MOU সই করবেন শুভেন্দু অধিকারী
চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ
এদিন অগ্নিমিত্রা বলেন, শপিং মলে গেলে তো ভদ্রভাবেই চলাফেরা করি সকলে। তাহলে রাস্তায় নামলে কেন অভদ্র হয়ে যায়? তাই মানুষকে আরও সচেতন হতে হবে। প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে হবে। এরপরেই আগামী ১লা জুলাই থেকে রাস্তাঘাট নোংরা করলে, পানের পিক ফেললে বা যত্রতত্র ময়লা ফেললে ফাইন নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া তিনি আরও জানান, ইতিমধ্যেই স্বচ্ছ অ্যাপ (Swachh App) চালু করেছে রাজ্য সরকার। রাস্তাঘটে নোংরা দেখলেই অ্যাপের মাধ্যমে ছবি তুলে কমপ্লেন করতে হবে। তারপর সেই অঞ্চলের পৌরসভা অ্যাকশন নেবে। শেষে নোংরা জায়গা পরিষ্কার হলে সেটাও জানান দেওয়া হবে।
কত টাকা ফাইন গুনতে হবে?
রাস্তায় থুতু ফেলা কিংবা পানের পিক ফেলার নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আগের সরকারের আমলেও এই ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেটা বাড়বে কি না সেই বিষয়ে আলাদা করে কিছু জানানো হয়নি। তবে নূন্যতম জরিমানা ৫০০ টাকা থাকবে বলেই মনে করা হচ্ছে।













