বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২২ জুন রাজ্য বাজেট। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য বাজেট ঘোষণা হতে চলেছে। তার আগেই ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (WBHS) চালু করার দাবি। বাজেটে সরকারি হেলথ স্কিমের সুবিধার দাবি তুলল পশ্চিমবঙ্গের শিক্ষক মহল (Government Employees)।
বাজেটে স্বাস্থ্য প্রকল্প চালুর দাবি | Government Employees
রাজ্যের সরকারি কর্মীদের সুবিধার জন্য স্বাস্থ্য স্কিম বা স্বাস্থ্য প্রকল্প চালু করেছিল সরকার। যদিও রাজ্যের শিক্ষকরা এর আওতায় আসেন না। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিন ধরে তোলা হচ্ছিল। এবার বাজেটের আগে ফের সেই দাবি তুলে সরব শিক্ষকরা।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘বিগত রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনও সুফল হয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে আগামী ২২ জুন রাজ্য বাজেটে বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের পাশাপাশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানের জন্য দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার আবেদন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গত ২৯ মে নবান্নে গিয়ে আমরা নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন তুলে ধরেছি। আমরা চাই রাজ্য বাজেটে তার প্রতিফলন ঘটুক।’ উল্লেখ্য, ২০০৮ সালে মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের চিকিৎসা খরচের দিকে স্বস্তি দিতে এই প্রকল্প চালু করা হয়েছিল। ২০১৪ সালে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদেরও এর আওতায় আনা হয়।

আরও পড়ুন: দেড় কোটির বেশি জাতিগত শংসাপত্র নিয়ে কড়াকড়ি শুরু! নয়া নির্দেশিকা জারি রাজ্যের
উল্লেখ্য, ক্ষমতায় আসার আগেই সরকারি কর্মীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশায় ডুবে রয়েছেন সরকারি কর্মীরা। পঞ্চম বেতন কমিশনের আওতায় প্রাপ্ত বকেয়া ডিএ, পে কমিশন নিয়ে বড় কোনও ঘোষণা হতে পারে বলে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা।













