বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারী মাসে বাজেটে ঘোষিত ডিএ (Dearness Allowance) নিয়ে এখনও অনিশ্চয়তা। এই জট কাটাতে এবার কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৪ শতাংশ ডিএ ইস্যুতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জমা করেছে সংগঠনটি।
ডিএ জট কাটাতে কমিশনে চিঠি | Dearness Allowance
চিঠিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এপ্রিল ২০২৬ থেকে দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। হয়নি সংশোধিত বেতন বিলও প্রক্রিয়াকরণও। রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মীদের মধ্যে এই ডিএ নিয়ে বিলম্ব হতে থাকায় অসন্তোষ বাড়ছে বলে জানানো হয়েছে চিঠিতে।
আরও উল্লেখ কড়া হয়েছে, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা ও সাংবাদিক বৈঠকে দাবি করছেন যে, ডিএ কার্যকর করা যাচ্ছে না নির্বাচন কমিশনের অনুমতি না থাকার কারণেই। সংগঠনের বক্তব্য, যেহেতু ডিএ সংক্রান্ত ঘোষণাটি নির্বাচন ঘোষণার আগে করা হয়েছিল তাই আদর্শ আচরণবিধির অজুহাত এই বিষয়ে খাটে না।
যাতে বর্ধিত ডিএ-র বিষয়ে দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি করে এবং রাজ্যের অর্থ দফতরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হয় সেই অনুরোধ করা হয়েছে চিঠিতে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশন আটকে রেখেছে।

আরও পড়ুন: ‘আমার পরিবারের সদস্য’, ‘ওঁর শরীরে হিন্দু রক্ত বইছে’, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার
গত মঙ্গলবার ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বলেন, “বাজেটে বলেছিলাম ৪ শতাংশ ডিএ দেব। কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখেছে।” কমিশনকে কাঠগড়ায় তুলে তাদেরকে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমি বলব, সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন। এটা আপনাদের কাছে যাওয়ারই কথা নয়, কারণ এটি ভোটের আগের ঘোষণা।” এরপরই কমিশনে লিখিত আবেদন সংগ্রামী যৌথ মঞ্চের।













