বাংলা হান্ট ডেস্ক : মদের দোকান খোলা বা নতুন করে লাইসেন্স (Liquor License) নেওয়ার ক্ষেত্রে এবার নিয়মে বড়সড় পরিবর্তন করল রাজ্য সরকার (West Bengal Government)। শহরাঞ্চলে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে মদের দোকানের দূরত্বের মাপকাঠি বদলানোর পাশাপাশি আগে মদের ব্যবসা চলত, এমন কিছু বন্ধ জায়গাকেও ফের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আনার সুযোগ তৈরি হয়েছে। খুচরো মদ বিক্রির লাইসেন্স নিয়ে মঙ্গলবার নতুন নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের আবগারি দফতর।
মদ বিক্রির লাইসেন্সে (Liquor License) পরিবর্তন এনেছে রাজ্য সরকার
এতদিন লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বা কোনও কারণে দোকান বন্ধ হয়ে যাওয়া জায়গাগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকত। সংশোধিত বিধিতে লাইসেন্স বাতিল হওয়া, প্রত্যাহার করা কিংবা লাইসেন্সধারীর তরফে সমর্পণ করার কারণে যে জায়গায় মদের দোকান বন্ধ হয়েছে, সেই স্থানকে নির্দিষ্ট ক্ষেত্রে ফের লাইসেন্সের জন্য বিবেচনা করা যাবে।
শুধু পুরনো জায়গা নয়, বর্তমানে অন্য শ্রেণির লাইসেন্সে মদের ব্যবসা চলছে এমন সাইটকেও কাজে লাগানোর পথ খুলেছে নতুন বিধি। ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির লাইসেন্সে পরিচালিত কোনও বিদেশি মদের ‘অন’ শপ নির্দিষ্ট পরিস্থিতিতে ৪(পি) শ্রেণির লাইসেন্সের জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ, আগে থেকেই মদের ব্যবসার পরিকাঠামো রয়েছে এমন জায়গাকে নতুন ধরনের লাইসেন্সের অধীনে ব্যবহারের সুযোগ মিলতে পারে।
৪(পি) লাইসেন্সের ক্ষেত্রে কোন জায়গাকে ‘বিদ্যমান সাইট’ বলা হবে, সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। কোনও ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির এফএল ‘অন’ শপের জায়গাতেই যদি নতুন ৪(পি) লাইসেন্সে ব্যবসা শুরু হয়, সেটি বিদ্যমান সাইট হিসেবে গণ্য হবে। একই মর্যাদা পাবে এমন জায়গাও, যেখানে আগের লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সমর্পণের পর খুচরো মদ কিংবা অন্য কোনও পণ্যের বিক্রি বন্ধ হয়ে গিয়েছে।
নতুন লাইসেন্সের ক্ষেত্রে শহরাঞ্চলের দূরত্ববিধিতেও বড় পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র থেকে মদের দোকানের দূরত্বের সীমা আগে ১,০০০ ফুট বা প্রায় ৩০৫ মিটার ছিল। এবার সেটি বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে। তবে এই সংশোধন কেবল নতুন লাইসেন্সের ক্ষেত্রেই কার্যকর হবে।

আরও পড়ুন : পোস্ট অফিসের ‘এই’ স্কিমে বড় অঙ্কের সুদ! কেবল সুদ হিসেবেই ৪ লক্ষের বেশি, জানুন কীভাবে?
ইতিমধ্যে যেসব দোকান চালু রয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন দূরত্বের নিয়ম প্রযোজ্য হবে না। সংশোধিত বিধির আগে যেসব আবেদন জমা পড়েছিল, সেগুলির ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছে। আবগারি দফতরের মতে, দীর্ঘদিন ব্যবহার না হওয়া উপযুক্ত সাইটগুলিকে ফের লাইসেন্স ব্যবস্থার মধ্যে আনা গেলে এই খাতে ব্যবসার পরিসর বাড়তে পারে। তার সঙ্গে সরকারের রাজস্ব সংগ্রহও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।













