বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল রাজ্য সরকার (Government of West Bengal)। আংশিক সময়ের কর্মবন্ধুদের (Karmabandhu) মাসিক পারিশ্রমিক একধাক্কায় ৩ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল। এতদিন তাঁরা মাসে মাসে ৫ হাজার টাকা করে পাচ্ছিলেন। এবার থেকে ৮ হাজার টাকা করে পাবেন তাঁরা।
৩ হাজার টাকা বাড়াল রাজ্য সরকার | (Government of West Bengal)
রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আংশিক সময়ের কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানোর কথা বলা হয়েছে। ১ অক্টোবর থেকে বর্ধিত পারিশ্রমিক পাওয়া যাবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন সংশ্লিষ্ট কর্মীরা।
আরও পড়ুনঃ পালাবদলের পর চাকরির জোয়ার! পুলিশ, পঞ্চায়েত সহ নানা ক্ষেত্রে ৪৫ হাজার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ২০২৪ সালে আংশিক সময়ের কর্মবন্ধুদের পারিশ্রমিক শেষবারের মতো বাড়ানো হয়েছিল। ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে তাঁদের পারিশ্রমিক ৫ হাজার টাকা করে দেওয়া হয়। পালাবদলের পর কর্মবন্ধুদের পারিশ্রমিক আরও ৩ হাজার টাকা বাড়ানো হল। এবার থেকে মাসে মাসে ৮ হাজার টাকা করে পাবেন তাঁরা।
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্ধিত পারিশ্রমিকের পাশাপাশি আর অন্য কোনও ভাতা দেওয়া হবে না। ফলে মাসে মাসে ৮ হাজার টাকাই তাঁদের নির্ধারিত পারিশ্রমিক হবে।

নানা ক্ষেত্রে কর্মরত আংশিক সময়ের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে পুজোর মুখে কর্মবন্ধুদের পারিশ্রমিক একধাক্কায় ৩ হাজার টাকা বাড়ানো হল। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তাঁদের আর্থিক দিক থেকে অনেকটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষত উৎসবের আবহে তাঁদের পারিশ্রমিক বৃদ্ধির এই সিদ্ধান্ত বাড়তি পাওনা বলে মনে করছেন অনেকে।














