বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু হয়েছে। পাশাপাশি এখনও পুরোপুরি বন্ধ হয়নি তৃণমূল আমলের স্বাস্থ্যসাথীর সুবিধা। এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীন থাকা যেসব সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) বা আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) রয়েছে, সেগুলি জমা করার নির্দেশ দিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
ডেডলাইন বেঁধে বড় নির্দেশ রাজ্যের | (Government of West Bengal)
শুক্রবার রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফ একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, রাজ্য স্বাস্থ্য প্রকল্প তথা WBHS-এর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও কিছু সরকারি কর্মী, পেনশনভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে বলে রাজ্যের নজরে এসেছে। সেই কার্ডগুলি অবিলম্বে জমা করতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ১৪৬৪ জন সাংবাদিককে পুজোর বোনাস দিচ্ছে রাজ্য! প্রত্যেকে পাবেন ৩ হাজার টাকা
কার্ড জমা করার পাশাপাশি সংশ্লিষ্টদের নির্দিষ্ট বয়ানে ঘোষণাপত্রও জমা করতে হবে। তবে যেসব সরকারি কর্মী ও পেনশনভোগীদের নিজেদের না নির্ভরশীল পরিবারের সদস্যদের নামে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড আগে ছিল বা বর্তমানে রয়েছে, এই নিয়ম শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য। ঘোষণাপত্রের সঙ্গে কার্ড জমা করার প্রমাণপত্রও দিতে হবে বলে জানিয়েছে রাজ্য।
নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মীদের সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে এই নথি জমা করতে হবে। অন্যদিকে পেনশনভোগীরা যে দফতরে রাজ্য স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা সংক্রান্ত দাবি পেশ করেন, সেখানে নথি জমা করবেন। দফতরের প্রধান, পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ ও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে এই নির্দেশিকা কার্যকরের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ না করলে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সরকারি কর্মী ও পেনশনভোগীদের রাজ্য স্বাস্থ্য প্রকল্পের অধীন চিকিৎসার সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। সরকারি কর্মীদের ক্ষেত্রে বিষয়টিকে অসদাচরণ হিসেবে ধরে সংশ্লিষ্ট সার্ভিস রুল অনুসারে শৃঙ্খলামূলক প্রক্রিয়াও শুরু করা হতে পারে।
পুজো-পার্বণ শুরু হওয়ার আগেই স্বাস্থ্যসাথী কার্ড ও আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য প্রকল্পের অধীন থাকা যেসব সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে এই কার্ডগুলি রয়েছে তা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।













