পুরনো পেনশন নিয়ে কেন্দ্রের বড় বার্তা! সরকারি কর্মীদের জন্য কী সিদ্ধান্ত?

Published on:

Published on:

Government's big message for employees about old pension scheme
Follow

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) পুরনো পেনশন ব্যবস্থা (Old Pension Scheme) ফিরছে না—সংসদে ফের স্পষ্ট করে দিল কেন্দ্র। সোমবার লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর লিখিত জবাব থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে OPS পুনরায় চালু করার কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। দীর্ঘদিন ধরে পুরনো পেনশন ফেরানোর দাবি থাকলেও কেন্দ্র আপাতত সেই পথে হাঁটতে নারাজ।

ফিরছে সরকারি কর্মীদের পুরনো পেনশন ব্যবস্থা (Old Pension Scheme) ?

সরকারি কর্মীদের পুরনো পেনশন ব্যবস্থা না ফেরানোর নেপথ্যে রয়েছে কেন্দ্রের আর্থিক দায়। সরকারের যুক্তি, OPS চালু হলে ভবিষ্যতে বিপুল এবং দীর্ঘমেয়াদি আর্থিক বোঝা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই দায়ের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট করে হিসাব করাও কঠিন বলে মনে করছে কেন্দ্র। সেই কারণেই NPS-এর পরিবর্তে কেন্দ্রীয় কর্মীদের জন্য বিকল্প হিসেবে UPS-এর দিকে এগিয়েছে সরকার।

এদিকে দেশের কয়েকটি রাজ্য ইতিমধ্যেই NPS থেকে সরে পুরনো পেনশন ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত জানিয়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, রাজস্থান, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, পঞ্জাব এবং হিমাচল প্রদেশ—এই পাঁচ রাজ্য তাদের সিদ্ধান্তের কথা কেন্দ্র এবং PFRDA-কে জানিয়েছে। তবে কোনও রাজ্য OPS চালু করলেই কেন্দ্রকেও একই সিদ্ধান্ত নিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। রাজ্য সরকারি কর্মীদের পেনশন ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্য সরকারেরই।

তবে OPS-এ ফিরে যাওয়া রাজ্যগুলির জন্য আরও একটি বড় সমস্যা রয়েছে। NPS-এর আওতায় এত দিন কর্মী এবং সরকার যে টাকা জমা দিয়েছে, সেই অর্থ এবং তার উপর তৈরি হওয়া সঞ্চিত তহবিল রাজ্য সরকারকে ফেরত দেওয়ার কোনও আইনি ব্যবস্থা নেই। পঙ্কজ চৌধুরীর বক্তব্য অনুযায়ী, PFRDA Act, 2013 এবং NPS-এর সংশ্লিষ্ট প্রত্যাহার বিধিতেও সেই সুযোগ রাখা হয়নি। অর্থাৎ কোনও রাজ্য পুরনো পেনশন চালু করলেও NPS-এ আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার বিষয়টি আলাদা আইনি জটিলতা তৈরি হবে।

কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রে অবশ্য OPS-এর বিকল্প ইতিমধ্যেই সামনে এনেছে মোদি সরকার। NPS-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২০২৫ সালের ১ এপ্রিল থেকে UPS কার্যকর হয়েছে। কর্মীদের জন্য এটি একটি বিকল্প ব্যবস্থা হিসেবে চালু করা হয়েছে। এর লক্ষ্য হল অবসরের পর পেনশন পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিশ্চয়তা তৈরি করা। UPS-এর আওতায় যোগ্য কর্মীদের জন্য অবসরের পরে ন্যূনতম মাসিক ১০ হাজার টাকা নিশ্চিত অর্থপ্রদানের ব্যবস্থা রয়েছে।

Government's big message for employees about old pension scheme

আরও পড়ুন :বাবার দেহাবশেষ দেশে ফেরাতে চান নেতাজি-কন্যা! সুপ্রিম কোর্টে উঠল ৮০ বছরের পুরনো রহস্য

প্রসঙ্গত, ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীদের জন্য NPS চালু হয়েছিল।
কেন্দ্রের পেনশন নীতিতে আপাতত OPS নয়, কর্মীদের জন্য বিকল্প নিশ্চয়তা দিতে UPS-এই জোর দেওয়া হচ্ছে।