বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যের প্রধান শিক্ষকদের (Teachers) জন্য বেতন বৃদ্ধির (Salary Increment) উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে বেতনে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে বহুদিনের দাবি আংশিক হলেও মিটতে চলেছে।
প্রধান শিক্ষকদের (Teachers) বেতন বৃদ্ধির প্রস্তুতি শুরু
ভোটের আগে বড় সিদ্ধান্ত হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের বেতনে অতিরিক্ত ৩ শতাংশ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তুতি শুরু করেছে বলে জানা গিয়েছে।
আগের নিয়ম কী ছিল?
রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী, বাম আমলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা (Teachers) বছরে দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন (Salary Increment)। একই সময়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকেরা পেতেন একটি করে ইনক্রিমেন্ট। কিন্তু ২০০৯ সালে সেই নিয়ম বদলানো হয়। নতুন নিয়মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দু’স্তরের প্রধানশিক্ষকদের জন্যই বছরে একটি করে ইনক্রিমেন্টের কথা জানানো হয়। তবে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের জন্য অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে মাসে ২০০ টাকা করে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা হয়। সেই মামলার ভিত্তিতে ব্যক্তিগত ক্ষেত্রে কয়েক জন প্রধানশিক্ষক এখনও দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলে বিকাশ ভবন সূত্রে খবর। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, “২০১৭ সাল থেকেই আমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের জন্য একটি অতিরিক্ত বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। তাঁদের উপর যে বাড়তি দায়িত্ব থাকে, তা বিবেচনা করলে নির্বাচনের আগে এই বেতন বৃদ্ধি হলে ভাল হবে।”

আরও পড়ুনঃ ১৩ বছর পর বড় স্বস্তি! ২০১২ সালের ১৮ হাজার টেট পাশ শিক্ষকের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
কত জনের বেতন বাড়বে?
সূত্রের খবর, কত জন প্রধানশিক্ষক (Teachers) এই বেতন বৃদ্ধির (Salary Increment) আওতায় আসবেন, তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল জেলা পরিদর্শক এবং ইনস্পেক্টর অফ স্কুলদের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে সেই তথ্য দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।












