পুজোর আগেই টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা! বড় নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

High Court major directive to refund Rose Valley depositors' money
Follow

বাংলা হান্ট ডেস্ক : বছরের পর বছর ধরে আটকে থাকা রোজভ্যালির (Rose Valley) আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় এবার বড় নির্দেশ এল হাইকোর্ট থেকে। শুধু একটি নির্দিষ্ট অঙ্ক ফেরত দেওয়াই নয়, সংস্থার সম্পত্তি বিক্রি করে সব আমানতকারীর পাওনা মেটানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোজভ্যালির (Rose Valley) সব আমানতকারীদের টাকা ফেরত

বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের সামনে শুনানিতে ৫০০ কোটি টাকা ফেরতের প্রসঙ্গ ওঠে। আমানতকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টি তুলে ধরেন। তার পরেই এডিসি কমিটির তরফে জানানো হয়, পুজোর আগেই ওই ৫০০ কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে।

আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে, ৫০০ কোটি টাকা ফেরত দেওয়াকে চূড়ান্ত সমাধান হিসেবে দেখা যাবে না। রোজভ্যালির যেসব সম্পদ এখনও রয়েছে, সেগুলি দ্রুত বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রোজভ্যালি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ বহু বছর আগেই সামনে এসেছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, অসম এবং ওড়িশাতেও এই সংস্থার বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের বিপুল বিনিয়োগ ছিল। আকর্ষণীয় রিটার্নের প্রতিশ্রুতিতে টাকা সংগ্রহের পর সেই অর্থ ফেরত না পাওয়ার অভিযোগে বহু পরিবার সমস্যায় পড়ে।

তদন্তে উঠে আসে, নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ ছিল রোজভ্যালির বিরুদ্ধে। ভুয়ো ডিবেঞ্চার বিক্রির মাধ্যমেও অর্থ তোলার অভিযোগ তদন্তে আসে। ইডি ও সিবিআইয়ের তথ্য অনুযায়ী, সংস্থাটির বিরুদ্ধে প্রায় ১৭,০০০ কোটি টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। এই অঙ্ক সারদা কেলেঙ্কারিতে সংগৃহীত অর্থের তুলনায় অনেক বেশি বলে তদন্তকারী সংস্থাগুলির তথ্য থেকে জানা যায়।

রোজভ্যালি প্রকল্পে বিনিয়োগকারীদের একটা বড় অংশ ছিলেন গ্রাম ও মফস্‌সলের সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের সদস্য। বেশি লাভের আশায় সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করেছিলেন তাঁরা। অভিযোগ অনুযায়ী, ৬০ লক্ষেরও বেশি মানুষ এই ঘটনায় ক্ষতির মুখে পড়েন। অনেকের কাছেই সেই টাকা ছিল পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম ভরসা।

High Court major directive to refund Rose Valley depositors' money

আরও পড়ুন :বিশ্বকর্মা পুজোতেও বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ৮ জেলায় কমলা সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

উল্লেখ্য, তদন্তকারী সংস্থার পদক্ষেপে ২০১৫ সালে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। হোটেল, জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দামি গাড়ি-সহ একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। আমানতকারীদের টাকা উদ্ধারের জন্য আদালতের নির্দেশে কমিটি তৈরি হলেও টাকা ফেরত পায়নি। সেই পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি করে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা মেটানোর আদালতের নির্দেশ নতুন করে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে বাকি আমানতকারীদের পাওনা মেটানোর কাজ কতদূর এগোয়, সেটাই দেখার।