অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আপাতত স্বস্তি! কী বলল হাইকোর্ট?

Published on:

Published on:

High Court's directive regarding Abhishek Banerjee camac street office
Follow

বাংলা হান্ট ডেস্ক :  ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে আপাতত বড়সড় আইনি স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দমকলের তরফে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের দুটি তলা খালি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বুধবার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। নতুন করে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে দমকলের জন্য।

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে স্বস্তি অভিষেকের (Abhishek Banerjee)

৪ সেপ্টেম্বরের দমকলের নোটিসে ক্যামাক স্ট্রিটের ভবনের সপ্তম ও অষ্টম তলা অবিলম্বে খালি করার কথা জানিয়েছিল দমকল। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে একাধিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। সেই নির্দেশের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। মামলাটি শুনেছিলেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

বুধবার সেই মামলায় আগের নোটিসটি খারিজ করে আদালত জানায়, দমকলকে ফের সংশ্লিষ্ট পক্ষকে নোটিস দিয়ে ভবনটি পরিদর্শন করতে হবে। পরিদর্শনের পরে অগ্নিসুরক্ষা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা প্রয়োজন, তা স্পষ্ট করে জানাতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ব্যবস্থাগুলি বাস্তবায়ন করতে হবে কালীঘাট তৃণমূলকে। নির্ধারিত পদক্ষেপ না হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার অধিকার থাকবে দমকলের।

এদিন মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, “ক্যামাক স্ট্রিকের দুটি তলা লিজ নেওয়া হয়। এই বছরের ২৬ অগস্ট লিজ বাতিল করা হয়েছে, যার বিরুদ্ধে মামলা হয় নিম্ন আদালতে। এখন অগ্নিনির্বাপণ বিভাগ পদক্ষেপ করে বলছে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ। দমকল আধিকারিকরা ভবনটি পরিদর্শন করেন এবং ছাদে বেআইনি নির্মাণ ও সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রাখা আছে বলে জানিয়েছেন। সেক্ষেত্রে পুরো ভবনটিতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয় বলে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু অগ্নিনির্বাপণ বিভাগ কেবল দু’টি তলাকেই নিরাপদ নয় বলেছে। সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হয়েছে। এই ত্রুটিগুলি ভবনের মালিককেই ঠিক করতে হবে।”

রাজ্যের তরফে অবশ্য অন্য ছবি তুলে ধরা হয়। অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্র জানান, সপ্তম তলায় বেশ কিছু গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছিল এবং সেগুলি পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে ফায়ার অ্যালার্ম সচল না থাকা, স্প্রিংকলার ব্যবস্থায় ঘাটতি এবং একাধিক অগ্নিনিরাপত্তা সরঞ্জাম অকেজো থাকার কথাও আদালতে জানানো হয়।

High Court's directive regarding Abhishek Banerjee camac street office

আরও পড়ুন : ঘড়ির কাঁটা ১০ টা ছুঁলেই বদলে যায় নিয়ম, না মানলে পড়তে পারেন বিপাকে

উল্লেখ্য, এর আগে দুই পক্ষের বক্তব্য শোনার পর ১১ সেপ্টেম্বর দমকলের নোটিসের কার্যকারিতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বুধবার সেই নোটিসই বাতিল করল আদালত। অর্থাৎ,পরবর্তী পরিদর্শনে যদি অগ্নিনিরাপত্তার ঘাটতি ধরা পড়ে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, সেক্ষেত্রে দমকল ফের আইনানুগ পদক্ষেপ করতে পারবে। ফলে নোটিস বাতিল হলেও ক্যামাক স্ট্রিটের অফিসের ফায়ার সেফটি নিয়ে নজরদারি অব্যাহত থাকছে।