বাংলাহান্ট ডেস্ক: বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের যুগলবন্দি অতুলনীয়। নামীদামী রেস্তোরাঁয় এই পদ তো চেখে দেখেছেন কমবেশি সকলেই। এই পুজোয় যদি নিজের হেঁশেলেই বানিয়ে ফেলা যায় চিকেন চাপ (Recipe) তাহলে কেমন হয়?
চিকেন চাপের দুর্দান্ত রেসিপি (Recipe)
চিকেন চাপের মতো মোগলাই খানার নাম শুনলেই মনে হতে পারে রান্না করা কতই না কঠিন। কিন্তু না, কয়েকটি উপকরণ থাকলে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে চিকেন চাপ। দেখে নিন রেসিপি-

চিকেন চাপের উপকরণ:
চিকেন লেগ পিস- ৪-৫ টি
ম্যারিনেশনের জন্য
ফেটানো টক দই- ৩ টেবিল চামচ
আদা রসুন বাটা- ২ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
নুন
পেস্টের জন্য
কাজুবাদাম- ১০-১২ টি
পোস্ত দানা- ২ চা চামচ
মগজ দানা- ১ চা চামচ
বেরেস্তার জন্য মাঝারি আকারের পেঁয়াজ- ৬ টি
ফোরন ও অন্যান্য মশলা
এলাচ, লবঙ্গ, দারচিনি
জয়িত্রী গুঁড়ো
কেওড়া জল বা গোলাপ জল
চিনি
আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে পুজো স্পেশ্যাল লোকাল ট্রেন, কোন কোন রুটে কখন ছাড়বে?
চিকেন চাপের প্রণালী: লেগ পিসগুলি ভালো করে ধুয়ে মাংসের গায়ে ছুরি দিয়ে সামান্য চিরে দিন। এবার টক দই, আদা রসুন বাটা, নুন, তেল দিয়ে মাংস মাখিয়ে ২-৪ ঘন্টা বা সারা রাত রেখে দিন ফ্রিজে। অন্যদিকে ভিজিয়ে রাখুন কাজুবাদাম, পোস্ত, মগজদানা। তারপর মিহি করে বেটে নিন। এবার পেঁয়াজ বেরেস্তার (Recipe) সঙ্গে সামান্য জল বা দই মিশিয়ে একটি ঘন পেস্ট বানান। এবার কড়াইতে সাদা তেল গরম করে লবঙ্গ, এলাচ, দারচিনি ফোরন দিন। দিয়ে দিন ম্যারিনেট করা চিকেন। ভেজে তুলে নিয়ে দিয়ে দিন কাজু, পোস্ত, মগজদানা, বেরেস্তার পেস্ট।
আরও পড়ুন : শিয়ালদহ থেকেই শুরু করুন, পরপর কোন নামী পুজোগুলি দেখবেন? বুঝে নিন রুটম্যাপ
ভালো করে কষাতে কষাতে তেল বেরিয়ে এলে দিয়ে দিন ভাজা মাংস। এরপর দিন স্বাদমতো নুন, জয়িত্রী গুঁড়ো আর জল। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ২০-২৫ মিনিট মতো রান্না করুন। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেবেন। মাংস সেদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠলে উপর থেকে ছড়িয়ে দিন কেওড়া জল। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন। পরিবেশন করুন পরোটা বা রুমালি রুটির সঙ্গে।














