বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এই মাসে পেয়ে গেছেন, তবে পরের মাসেও যে পাবেন এমন কোন নিশ্চয়তা নেই। কারণ আপনি যোগ্য কিনা তা দেখার জন্য যাচাই প্রক্রিয়া চলছে। চলতি মাসে কিস্তির টাকা পেয়ে গেলেও ফের কয়েক লক্ষ মহিলার নাম ফের যাচাই হবে। যোগ্যতার শর্ত পূরণ না করলেও ভবিষ্যতে কিস্তি থেকে নাম বাদ পড়তে পারে। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চলতি যাচাই প্রক্রিয়া।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধাভোগীদের ফের যাচাই প্রক্রিয়া
১৭ অগাস্ট থেকে রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর কাজ শুরু হয়েছে। সরকারি হিসাবে, ২১ অগাস্টের মধ্যে যোগ্যদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। কিন্তু ইতিমধ্যেই টাকা পাওয়া মহিলাদের মধ্যেও এমন অনেকে রয়েছেন, যাঁদের নথি ও যোগ্যতা এখনও পুরোপুরি যাচাই হয়নি। পরবর্তীতে কোনও অসঙ্গতি ধরা পড়লে তাঁদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে স্পষ্ট করেছেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়।
মালতি রাভা রায়ের কথায়, “১৭ অগাস্ট অনেকই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। এখনও এনকোয়ারি চলছে। পরবর্তীতে যদি দেখা যায় তাঁরা অযোগ্য তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁদের নাম বাতিল হবে।” মন্ত্রী জানান, প্রায় ৫৬ লক্ষ নামকে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়েছে। এই পর্ব শেষ হওয়ার পরই পোর্টাল ফের খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আগের সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সরব হন মন্ত্রী। একইসঙ্গে বর্তমান সরকারের দেওয়া মাসিক ৩ হাজার টাকার সুবিধার কথাও তুলে ধরে মন্ত্রী মালতি রাভা রায় বলেন, “বিগত সরকার ১০ লক্ষ পুরুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মৃত মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। ওরা ৫০০ টাকা দিয়ে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের আগে ১৫০০ করেছিল। সেখানে নতুন সরকার ক্ষমতায় আসার একমাসের মধ্যে প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা করে দিতে শুরু করেছে।”
সরকারের বক্তব্য অনুযায়ী, আবেদনপত্র, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কিংবা অন্যান্য নথিতে সমস্যা থাকলে অথবা যাচাইয়ের পরে নির্ধারিত শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। তবে যোগ্য হয়েও কোনও কারণে টাকা না পেলে তাঁদের বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দিয়েছে সরকার।

আরও পড়ুন :একধাক্কায় ৩০ শতাংশ বাড়তে পারে অনলাইন ফুড ডেলিভারি চার্জ, সতর্ক করল জোম্যাটো
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক।
মালতি রাভা রায় আরও বলেন বলেন, “যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে আগামী ২১ তারিখের মধ্যে টাকা ঢুকবে। যাঁদের টাকা ঢোকেনি, হয়তো তাঁদের ব্যাঙ্কে সমস্যা রয়েছে। নয়তো ফর্ম ফিলাপ করতে ভুল করেছে। তবে এনকোয়ারি চলছে। প্রকৃত যোগ্যরা সকলেই পাবেন। কেউ বঞ্চিত হবেন না। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় কেউ অযোগ্য তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁর নাম বাতিল হবে।” অন্নপূর্ণা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৪৫ লক্ষে পৌঁছেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই তালিকাও যে একেবারে চূড়ান্ত নয়, তা মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।













