বাংলা হান্ট ডেস্ক : কয়েকদিনের অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার (Weather Update) পর অবশেষে স্বস্তি পেল বাংলার মানুষ। শুক্রবার দুপুর গড়াতেই আচমকা আকাশ ঢেকে যায় কালো মেঘে। তারপর শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। প্রায় এক ঘণ্টার এই দুর্যোগে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তাপমাত্রার পারদ অনেকটাই নামে।
কতদিন এই আবহাওয়া (Weather Update) থাকবে ?
শুক্রবার কলকাতায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মোট ৪০.৫ মিলিমিটার। এর জেরে তাপমাত্রার পারদ নেমেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সোমবারের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে।
আজও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়ায়। এমনকি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বজ্রবিদসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও মঙ্গলবার থেকে আবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে।
আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে তাপমাত্রা ধীরেটপ ধীরে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারের পর গরমের তীব্রতা আরও বাড়তে পারে। বর্তমানে ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পাকিস্তান থেকে রাজস্থান ও ছত্তীসগঢ় হয়ে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হচ্ছে।
শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।

আরও পড়ুন : ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি’,বঙ্গে আসতে চলেছে জন্মনিয়ন্ত্রণ আইন ! বড় মন্তব্য শমীক ভট্টাচার্যের
শুক্রবারের বৃষ্টি সাময়িকভাবে গরম থেকে স্বস্তি দিলেও সেই আরাম দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। ফলে বর্ষার আনুষ্ঠানিক আগমনের আগে গরম ও ঝড়-বৃষ্টির এই পালাবদল আরও কিছুদিন চলতে পারে।













