বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতার মধ্যেও ভারত ও রাশিয়ার (India-Russia) দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হচ্ছে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ সম্প্রতি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ভারত সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে। একইসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, ভারতের জ্বালানি চাহিদা পূরণে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত।
যুদ্ধের আবহেও আরও গভীর ভারত-রাশিয়া (India-Russia) সম্পর্ক:
প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57 নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আলিপভ। এই যুদ্ধবিমান প্রযুক্তিতে ভারত আগ্রহ দেখিয়েছে এবং ভবিষ্যতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় যৌথ উৎপাদনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতের বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশেষ কৃতিত্ব বৈশালী রমেশবাবুর! জিতলেন এই চেস টুর্নামেন্ট
এছাড়াও, দুই দেশের যৌথ প্রতিরক্ষা প্রকল্পগুলির কথাও উল্লেখ করেছেন রুশ রাষ্ট্রদূত। ব্রহ্মস মিসাইল প্রকল্পকে তিনি সহযোগিতার অন্যতম সফল উদাহরণ হিসেবে তুলে ধরেন। পাশাপাশি, AK-203 রাইফেলের উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিকেও পারস্পরিক আস্থার প্রতীক বলে উল্লেখ করেন। ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বিস্তৃত সহযোগিতার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন আলিপভ। S-400 মিসাইল সিস্টেমের কয়েকটি ইউনিট এখনও সরবরাহ বাকি রয়েছে এবং তা দ্রুত সম্পন্ন করার জন্য দুই দেশের মধ্যে সময়সূচি নির্ধারিত হয়েছে। যদিও প্রতিরক্ষা সংক্রান্ত আরও কিছু বিষয়কে ‘সংবেদনশীল’ বলে উল্লেখ করে তিনি বিস্তারিত জানাতে চাননি, তবুও ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়বে বলেই স্পষ্ট করেছেন।

আরও পড়ুন: ফের মূল্যবৃদ্ধির ধাক্কায় টান পড়বে পকেটে! দাম বাড়ল একাধিক জনপ্রিয় সাবানের
বর্তমান বিশ্ব রাজনীতিতে পশ্চিমা চাপ সত্ত্বেও ভারত যে রাশিয়ার (India-Russia) সঙ্গে ভারসাম্য বজায় রেখেছে, তা ‘কৌশলগত স্বায়ত্তশাসন’-এর উদাহরণ বলে মনে করেন আলিপভ। তাঁর মতে, এই অবস্থান দুই দেশের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। সন্ত্রাসবাদ মোকাবিলা, আফগানিস্তানের পরিস্থিতি এবং BRICS-এর মতো আন্তর্জাতিক মঞ্চেও ভারত ও রাশিয়া একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়ে চলেছে, যা ভবিষ্যতে সম্পর্ককে আরও দৃঢ় করবে।












