বাংলা হান্ট ডেস্ক:রাশিয়া থেকে আরও পাঁচ ইউনিট এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত (India)। এই দ্বিতীয় দফার ক্রয়ে থাকবে মোট ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল (ডিএসি) প্রায় ১০ হাজার কোটি টাকার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষিতে দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
রাশিয়া থেকে আরও ৫ ইউনিট S-400 কিনছে ভারত (India):
ওই বৈঠকেই দ্রুততার ভিত্তিতে ‘পন্টসার এয়ার ডিফেন্স সিস্টেম’ কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভারত ডায়নামিক্স লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোজ়োবোরাএক্স-এর যৌথ উদ্যোগে এই ব্যবস্থা তৈরি হবে। পন্টসার ব্যবস্থায় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রতিরোধ ক্ষমতা এবং বিমানবিধ্বংসী কামান—তিন স্তরের সুরক্ষা রয়েছে। উন্নত রাডার ও ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে এটি ৩৬ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। ফলে মাঝারি ও স্বল্পপাল্লার আকাশ হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন:ওলটপালট সময়, দর্শকদের ভালোবাসা সত্ত্বেও মাঝপথেই বন্ধ জি বাংলার এই সিরিয়াল!
উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়া ভারতের কাছে মোট পাঁচটি এস-৪০০ ইউনিট সরবরাহে সম্মত হয়েছিল। তার মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতে এসেছে। বাকি দু’টির সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত বছর চিনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বৈঠকে ২০২৬ সালের মধ্যে সেই ইউনিটগুলি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় মস্কো। এ বার দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচ ইউনিট কেনার সিদ্ধান্তে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেল।
২০২৫ সালের ৭ মে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতের হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছিল ইসলামাবাদ। ভারতের ১৫টি শহরকে লক্ষ্য করে ছোড়া সেই ক্ষেপণাস্ত্রগুলির অধিকাংশই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর আগেই ভূপাতিত হয়। প্রতিরক্ষা সূত্রে দাবি, এস-৪০০ ব্যবহারের ফলেই সেই সাফল্য আসে। বর্তমানে ভারতীয় সেনার হাতে থাকা এস-৪০০-এর পাল্লা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার। রাশিয়ার আরও উন্নত সংস্করণ এস-৫০০, যার পাল্লা প্রায় ৬০০ কিলোমিটার, তা নিয়েও দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্যের তরফে নেই যথেষ্ট নিরাপত্তা! বেলডাঙাকাণ্ডে কোর্টে ভার্চুয়াল হাজিরা ৩১ অভিযুক্তের
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণাও করেছিলেন। আগামী দশ বছরের মধ্যে ‘মিশন সুদর্শন চক্র’ নামে নিজস্ব আকাশসুরক্ষা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। শত্রুপক্ষের ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। নতুন করে এস-৪০০ এবং পন্টসার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ভারতের সামরিক প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বলে মত কৌশল বিশ্লেষকদের।

















