বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) বাজারে মোবাইল ফোনের ক্ষেত্রে এখনও বিদেশি ব্র্যান্ডেরই রাজত্ব। স্যামসাং, ওপো, ভিভো, শাওমির মতো কোম্পানিগুলির দাপটে দেশীয় কোনও প্রধান স্মার্টফোন ব্র্যান্ডের উপস্থিতি প্রায় অনুপস্থিত। তবে এই দীর্ঘদিনের একচেটিয়া অবস্থা বদলাতে ঐতিহাসিক উদ্যোগ নিতে চলেছে ভারত সরকার। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে ঘোষণা করেছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ভারতের নিজস্ব মোবাইল ফোন ব্র্যান্ড বাজারে আসতে পারে। আত্মনির্ভরতার লক্ষ্যে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোকেই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।
এবার নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করবে তৈরি ভারত (India):
মোবাইল উৎপাদনের ক্ষেত্রে ইতিমধ্যেই ভারত অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। ২০১৪ সালে দেশে মাত্র দু’টি মোবাইল উৎপাদন ইউনিট থাকলেও বর্তমানে সেটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০-এ। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে বিক্রি হওয়া মোট মোবাইল ফোনের ৯৯ শতাংশই এখন ‘মেড ইন ইন্ডিয়া’, যেখানে এক দশক আগে ২০১৪-১৫ অর্থবর্ষে এই হার ছিল মাত্র ২৬ শতাংশ। উৎপাদন পরিকাঠামোর এই শক্তিশালী ভিত্তির উপর ভর করেই এখন সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড তৈরির দিকে ঝুঁকছে সরকার।
আরও পড়ুন: একঘেয়ে আটা-ময়দার লুচি খেতে খেতে বিরক্ত, বানিয়ে ফেলুন চিড়ে দিয়ে লুচি
শিল্প বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের মধ্যে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন খাতের বাজারমূল্য ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। গত কয়েক বছরে শুধু দেশীয় চাহিদাই মেটানো হয়নি, বিদেশেও ‘মেড ইন ইন্ডিয়া’ ডিভাইসের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী বৈষ্ণব দাভোসে ব্যাখ্যা করেন, দেশে ইতিমধ্যেই মোবাইলের বিভিন্ন উপাদান সরবরাহকারী একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে উঠেছে, যাদের সমন্বিত চেষ্টা সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড তৈরিকে বাস্তবসম্মত করে তুলেছে।
প্রসঙ্গত, শুধু পণ্য সংযোজন নয়, ডিজাইন থেকে শুরু করে উৎপাদনের প্রাথমিক পর্যায় পর্যন্ত পুরো ভ্যালু চেইন তৈরিতে জোর দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে সেমিকন্ডাক্টর ও উৎপাদন খাতে আর্থিক প্রণোদনা বাড়ানো হলে দেশীয় কোম্পানিগুলি অত্যাধুনিক ও প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে আনতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ কেবল বাজারে গ্রাহকদের জন্য বিকল্পই তৈরি করবে না, গবেষণা, নকশা ও উৎপাদন ক্ষেত্রে বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করবে।

আরও পড়ুন: ‘সর্বোচ্চ আদালতের ভূমিকা ন্যক্কারজনক হয় আমরা কী করতে পারি?’ DA মামলায় প্রশ্ন
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় মোবাইল ব্র্যান্ড বাজারে আসলে বিদেশি কোম্পানিগুলির উপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এটি দেশের ডিজাইন ও উদ্ভাবনী ক্ষমতাকে শক্তিশালী করবে এবং ইলেকট্রনিক্স খাতে ভারতকে বিশ্ব মানচিত্রে একটি স্বয়ংসম্পূর্ণ ও প্রধান খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। সরকারের এই ঘোষণা ভারতের প্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক হিসাবে গণ্য হচ্ছে।












