এবার রেল মানচিত্রে জুড়বে করিমপুর-লালগড়-সুন্দরবন, হচ্ছে ৬০ নতুন মেট্রো রেক, বাংলার জন্য মেগা ‘সারপ্রাইস’ আসছে

Published on:

Published on:

Indian Railways Announces Mega Expansion Plan for West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে একাধিক রেল প্রকল্প জমি সমস্যা এবং প্রশাসনিক জটিলতার কারণে আটকে ছিল। ফলে নতুন রেললাইন, স্টেশন বা অন্যান্য উন্নয়নমূলক কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি। এবার সেই পরিস্থিতি বদলাতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করার বার্তা দিল। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকের পর বাংলার রেল (Indian Railways) ব্যবস্থার উন্নয়ন নিয়ে একাধিক বড় ঘোষণা করা হয়েছে।

বাংলার রেল (Indian Railways) উন্নয়নে বড় পরিকল্পনা

বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, অতীতে বিভিন্ন কারণে অনেক রেল প্রকল্পের কাজ আটকে ছিল। সেই সমস্যার সমাধান করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য দশটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল –

১. ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ : পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়ন ও নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে কেন্দ্র।

২. আটকে থাকা প্রকল্পে গতি : দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে থমকে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে।

৩. ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস : রেলগেটের কারণে তৈরি হওয়া যানজট কমাতে রাজ্যজুড়ে ৫৩৮টি ফ্লাইওভার এবং আন্ডারপাস নির্মাণ করা হবে।

৪. রেকর্ড ১৪,০২৫ কোটি টাকার বরাদ্দ : ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য ১৪,০২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৫. ৪০টির বেশি প্রকল্পে এনওসি : নতুন রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ৪০টির বেশি রেল প্রকল্পের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে।

৬. জমি জট কাটাতে বিশেষ পরিকল্পনা : রেল প্রকল্পের জমি সংক্রান্ত সমস্যা দ্রুত মেটাতে জেলাশাসকদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৭. ৬১টি নতুন রেল প্রকল্পের অনুমোদন : চলতি বছরে রাজ্যে ৬১টি নতুন রেল প্রকল্প অনুমোদন পেয়েছে।

৮. নতুন এলাকাকে রেল নেটওয়ার্কে আনা হবে : করিমপুর, জলঙ্গী, লালগড়, গোপীবল্লভপুর-নয়াগ্রাম, হিলি, সাগর ও সুন্দরবনের মতো এলাকাকে রেল মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৯. কলকাতা মেট্রোয় ৬০টি নতুন রেক ও ফ্রেট করিডর : আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রো ৬০টি নতুন রেক পাবে। পাশাপাশি ডানকুনি থেকে সুরত পর্যন্ত ডেডিকেটেড পণ্যবাহী রেল করিডর তৈরির কাজও এগোবে।

Indian Railways Announces Mega Expansion Plan for West Bengal

আরও পড়ুনঃ সরকারি অফিসে বড়সড় বদল, অগস্টের আগেই চালু হবে এই নতুন ব্যবস্থা

১০. কাঁচরাপাড়া ও হাওড়া রেল কারখানার আধুনিকীকরণ : এই দুই গুরুত্বপূর্ণ রেল কারখানার সম্প্রসারণ ও আধুনিকীকরণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে (Indian Railways)।