বাংলা হান্ট ডেস্ক : বর্ষার গোয়ার সৌন্দর্যই আলাদা। আইআরসিটিসি (IRCTC) এনেছে আপনার জন্য গোয়া ভ্রমনের দারুন প্যাকেজ। সবুজে মোড়া পাহাড়, ভেজা মাটির গন্ধ, সমুদ্রের ঢেউ আর সৈকতজুড়ে তুলনামূলক শান্ত পরিবেশ—পুজোর আগে কয়েকটা দিন এমন আবহে কাটাতে চাইলে গোয়া হতে পারে আপনার পছন্দের গন্তব্য। তার উপর বিমান, হোটেল, খাবার এবং স্থানীয় দর্শনীয় স্থান ঘোরার ব্যবস্থা একসঙ্গে পেয়ে গেলে ভ্রমণের পরিকল্পনাও হয়ে যায় অনেক সহজ। সেই সুবিধাই এবার দিচ্ছে IRCTC-এর বিশেষ ‘Goa Delight’ ট্যুর প্যাকেজ।
আইআরসিটিসি-র (IRCTC) বিশেষ গোয়া প্যাকেজ
কম ঝামেলায় গোয়ার সমুদ্র, প্রকৃতি ও সৈকত উপভোগ করতে চাইলে IRCTC-এর এই প্যাকেজ একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। তবে বুকিংয়ের আগে কোন পরিষেবা প্যাকেজে রয়েছে এবং কোন খরচ অতিরিক্ত, তা ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।
SHA03 কোডের এই প্যাকেজে হায়দরাবাদ থেকে গোয়া যাওয়া-আসার পাশাপাশি ৪ দিন ৩ রাতের সম্পূর্ণ সফরের ব্যবস্থা থাকছে। পর্যটকদের জন্য দুটি ব্যাচ রাখা হয়েছে।
প্রথম দফার যাত্রা ২৬ অগস্ট ২০২৬ থেকে ২৯ অগস্ট পর্যন্ত। দ্বিতীয় দফায় সফর ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরে। দুটি ক্ষেত্রেই বিমানযাত্রার ব্যবস্থা প্যাকেজের মধ্যেই রয়েছে। অগস্টের সফরে ২৬ তারিখ ইন্ডিগোর বিমানে হায়দরাবাদ থেকে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। ২৯ অগস্ট ফিরতি বিমান।
সেপ্টেম্বরের ব্যাচে ৯ সেপ্টেম্বর যাত্রা করে ১২ সেপ্টেম্বর হায়দরাবাদে ফেরার কথা। প্যাকেজের দাম ঘর ভাগাভাগির ধরন অনুযায়ী আলাদা। অগস্টে ট্রিপল শেয়ারিংয়ে মাথাপিছু খরচ ২১,০০০ টাকা, ডাবল শেয়ারিংয়ে ২১,৫০০ টাকা এবং সিঙ্গল অকুপেন্সিতে ২৬,৯৫০ টাকা। সেপ্টেম্বরের ক্ষেত্রে তিন ধরনের ভাড়াই তুলনামূলক কম—যথাক্রমে ১৮,৬৮০, ১৯,২০০ এবং ২৪,৬৪০ টাকা। শিশুদের জন্য বয়স ও ক্যাটেগরি অনুযায়ী পৃথক চার্জ থাকবে।
গোয়ার ৪-স্টার Hotel Neelams The Grand-এ তিন রাতের ব্যবস্থা করা হয়েছে থাকার জন্য। ব্রেকফাস্ট ও ডিনার, এসি গাড়িতে স্থানীয় সাইটসিয়িং, ট্রাভেল ইনস্যুরেন্স, IRCTC এসকর্ট এবং প্রযোজ্য করও প্যাকেজের অন্তর্ভুক্ত। তবে হায়দরাবাদ বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের খরচ নিজেরাই বহন করতে হবে পর্যটকদের।

আরও পড়ুন : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কতটা পিছিয়ে ভারতীয়রা? সবথেকে এগিয়ে কারা? সামনে এল চমকপ্রদ তথ্য
উল্লেখ্য, লাঞ্চ, বিমানের খাবার, মাণ্ডোভি রিভার ক্রুজ, গাইডের ফি, ব্যক্তিগত খরচ, লন্ড্রি, মিনারেল ওয়াটার, টিপস এবং অন্যান্য অতিরিক্ত পরিষেবার জন্য আলাদা টাকা লাগবে। বিমানভাড়া, বিমানবন্দর কর বা ফুয়েল সারচার্জ বেড়ে গেলেও সেই অতিরিক্ত অর্থ যাত্রীদেরই দিতে হবে। গোয়ায় কলভা, ক্যান্ডোলিম, মিরামার, অঞ্জুনা এবং ভারকা বিচ ঘোরানো হবে। আরব সাগরের পাড়ে সময় কাটানোর পাশাপাশি গোয়ার প্রকৃতি ও স্থানীয় পরিবেশও কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।













