বাংলাহান্ট ডেস্ক: স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাকে কেন্দ্র করে নতুন করে স্মার্টফোন বাজারে আনার জল্পনা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছিল, ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্ক নাকি নিজস্ব স্মার্টফোন তৈরি করছে, যা শীঘ্রই বাজারে আসতে পারে। তবে এই সমস্ত জল্পনায় নিজেই ইতি টানলেন ইলন মাস্ক। এক্স মাধ্যমে একটি পোস্ট করে স্পষ্ট করে দেন, এই মুহূর্তে স্টারলিঙ্ক কোনও স্মার্টফোন তৈরি করছে না।
স্মার্টফোনের বাজারে ‘এন্ট্রি’ নিতে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)?
সম্প্রতি মার্ক ক্রেটশম্যান নামে এক এক্স ব্যবহারকারী পোস্ট করে দাবি করেন, স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেটকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সংস্থাটি নিজস্ব স্মার্টফোন তৈরির পথে হাঁটতে পারে। ওই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং প্রযুক্তি মহলে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মনে করতে শুরু করেন, স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনও ডিভাইস বাজারে আনা হতে পারে, যা প্রচলিত স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে।
আরও পড়ুন:‘কল্পতরু’ বাজেটেও গলল না বরফ! বেতনের দাবিতে স্বাস্থ্যভবন ঘিরে আশাকর্মীদের তাণ্ডব
এই জল্পনার পেছনে আরও একটি কারণ ছিল। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার একটি টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে ইলন মাস্ক জানিয়েছিলেন, ভবিষ্যতে স্মার্টফোন তৈরির বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। সেই মন্তব্য নতুন করে আলোচনায় উঠে আসে ভাইরাল পোস্টের পর। ফলে অনেকেই ধরে নেন, স্টারলিঙ্ক বা টেসলার তরফে হয়তো শিগগিরই কোনও স্মার্টফোন সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
তবে এই সব অনুমানকে নাকচ করে দিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন, বর্তমানে স্টারলিঙ্কের পক্ষ থেকে স্মার্টফোন তৈরির কোনও পরিকল্পনা নেই। তিনি স্পষ্ট জানান, সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, তা বাস্তবসম্মত নয়। মাস্কের এই মন্তব্যের পরেই প্রযুক্তি মহলে ছড়িয়ে পড়া জল্পনার অবসান ঘটে।

আরও পড়ুন:সাক্ষী থাকবে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিংয়ের হেরিটেজ টয়ট্রেনেই এবার বিয়ে করার সুযোগ! বেনজির উদ্যোগ রেলে
উল্লেখযোগ্য ভাবে, এর আগেও একটি পডকাস্টে ইলন মাস্ক জানিয়েছিলেন, যদি অ্যাপল ও গুগলের মতো সংস্থাগুলি অ্যাপ ব্যবহারে ‘গেটকিপার’-এর ভূমিকা নেয় এবং অবৈধ বা নির্দিষ্ট অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে, তা হলে বিকল্প হিসেবে টেসলা স্মার্টফোন তৈরির কথা ভাবা হতে পারে। যদিও সেই বক্তব্য ছিল সম্পূর্ণই সম্ভাবনার প্রেক্ষিতে। আপাতত মাস্কের বক্তব্য অনুযায়ী, স্টারলিঙ্কের স্মার্টফোন বাজারে আসার কোনও পরিকল্পনা নেই এবং বিষয়টি শুধুই গুজব বলেই পরিষ্কার করেছেন তিনি।













